প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৭:২৭ পিএম আপডেট: ২০.০৩.২০২৩ ৭:৩৯ পিএম (ভিজিট : ২১১)

X
মুজিববর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় (অবশিষ্ট) ও চতুর্থ পর্যায়ে দুই শতক জমিসহ ঘর উদ্ভোধন করা হবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে দুই শতক জমির উপর ঘর নির্মাণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে সীতাকুণ্ডে ১২০ পরিবার পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর।
আগামী বুধবার (২২ মার্চ) আশ্রয়ণ প্রকল্পের ঘরসমুহ সারাদেশে একযোগে উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষ্যে বুধবার (২২ মার্চ) সারাদেশে ৩য় (অবশিষ্ট) ও চতুর্থ পর্যায়ে ৩৯৩৬৫ টি ঘর উদ্ভোধন করা হবে। এর মধ্যে চট্টগ্রামে ১০৫২ টি ও সীতাকুণ্ড উপজেলাতে ১২০ টি ঘর উদ্ভোধন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
এর মধ্য দিয়ে সীতাকুণ্ডে ২১৬ জন ভূমিহীন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাবেন। পরবর্তীতে বাকী ভূমিহীনদের ঘর নিশ্চিত করা হবে। এরমধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সারাদেশে ২১৫৮২৭ জনকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হবে।
এ উপলক্ষ্যে সোমবার (২০ মার্চ) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সংবাদ সম্মলনের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম (এমপি)।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম। উপজেলা ভাইস-চেয়ারম্যান আলা উদ্দীন সাবেরী, মহিলা ভাইস-চেয়ারম্যান জয়নব বিবি জলি। প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সা.সম্পাদক লিটন কুমার চৌধুরী, ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফোরকান আবু ও এম. সেকান্দর হোসাইন প্রমূখ।
সোমবার দুপুর একটার সময় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, সীতাকুণ্ডের আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় (অবশিষ্ট) ও চতুর্থ পর্যায়ে ১২০ টি ঘর উদ্ভোধন করা হবে। ইতিমধ্যে নির্ধারিত নমুনা ও ডিজাইন অনুসরণ করে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে টেকসই মানসম্মত ঘর ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম শহরের একেবারে সন্নিকটে পাহাড়ের পাদদেশে নির্মিত এসকল ঘর নৈসর্গিক সৌন্দর্যে রুপ নিয়েছে। জঙ্গল ভাটিয়ারি সিডিএ আবাসিক এলাকার ভিতরে অবস্থিত ঘরে যারা বসবাস করবেন ঘরের পাশাপাশি তারা আরো পাবেন বিদ্যুৎ, পানি ও শৌচাগারসহ নাগরিক জীবনের যাবতীয় সুবিধা। শহরের উপকণ্ঠে হওয়ায় প্রতি পরিবারের জন্য বরাদ্দকৃত এই দুই শতক জমির মুল্য প্রায় ১৬ লক্ষ টাকা। এছাড়া আশ্রয়ণ প্রকল্পকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। সহায় সম্বলহীন এসকল মানুষের যেখানে মাথা গুজার ঠাই ছিলো না তারা দুই শতক জমিতে দালান ঘরে বসে অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
বাবু/ এনবি