প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:২২ পিএম আপডেট: ২১.০৩.২০২৩ ৫:৪৬ পিএম (ভিজিট : ১৫১)

X
সীতাকুণ্ডে মহাসড়কে একটি স্ক্রাব বোঝাই ট্রাক উল্টে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বেশ কয়েক ঘন্টা যানচলাচলে বিঘ্ন ঘটে। সকাল থেকে দীর্ঘ ৬-৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে, এ দুর্ঘটনায় হতাহত হননি বলে জানান কুমিরা হাইওয়ে থানার ওসি শাহাদাৎ হোসেন।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে সীতাকুণ্ড উত্তর বাজার বাইপাস ইউটার্ন সংলগ্ন সীতাকুণ্ড পলিটেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ছয়টার দিকে ঢাকামুখী স্ক্রাব বোঝাই ট্রাকটি উল্টে যায়। বেশ কয়েকঘন্টা মহাসড়কের ওই লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে কুমিরা হাইওয়ে পুলিশের ওসি ঘটনাস্থলে পৌঁছে স্ক্রাবের মালামাল সরিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিপজ্জনক এসব স্ক্রাব পণ্যবাহী গাড়িতে অতিরিক্ত লোড থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটে।
এদিকে প্রতিনিয়ত ট্রাকে করে অতিরিক্ত মালামাল স্ক্রাব সামগ্রী নিয়ে গেলেও প্রশাসন আইনি ব্যবস্থা নিতে অনীহা দেখান। মহাসড়কে উন্মুক্তভাবে স্ক্রাব সামগ্রী নেয়ার ফলে মহাসড়কে নানা দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, স্ক্রাব সামগ্রী কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রবল বৃষ্টির মধ্যে সকালে উত্তর বাজার ইউটার্ন এলাকায় হাইওয়েতে স্ক্রাব বোঝাই একটি ট্রাক উল্টে যায়। পরে মালামাল সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বাবু/এনএইচ