প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ২:৩৯ পিএম (ভিজিট : ২৭৫)

X
উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে ঝাড়ু মিছিল হয়েছে। বিএনপির “উপজেলার ১১ ইউনিয়ন ও পৌর কমিটির তৃণমূল কর্মীবৃন্দের” ব্যানারে মিছিলটি পৌর শহরের দক্ষিণবন্দর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. অলিউজ্জামান রিপন মাতুব্বর ও পৌর সভার ২নং ওয়ার্ড কমিটির সভাপতি মো.এনায়েত কবির দুলাল প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, জেলা আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান বাবলু টাকার বিনিময়ে এই পকেট কমিটি গঠণ করেছে। আমরা এই কমিটি মানি না, মানব না। তারা অবিলম্বে পকেট কমিটি বাতিলের দাবী জানান।
পরে রাস্তায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, জেলা আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান বাবলুর প্রতিকৃতিতে ঝাড়ু ও জুতা পিটা করে আগুন ধরিয়ে দেয়।
উল্লেখ্য, গত সোমবার বিকালে জেলা আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান বাবলু স্বাক্ষরিত পত্রে বর্তমান উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালকে আহ্বায়ক ও আবু বকর সিদ্দিক বাদলকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং কেএম হুমায়ুন কবিরকে আহ্বায়ক ও নাজমুল আহসান কামাল মুন্সিকে সদস্য সচিব করে পৌর কমিটি গঠন করা হয়।
এব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, তৃণমূল কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণের জন্য বলা হয়েছে। যারা পদ বঞ্চিত হয়েছে পূর্ণাঙ্গ কমিটিতে তারা স্থান পাবে। বহিরাগতদের দিয়ে বিএনপিকে দ্বিখণ্ডিত করার জন্য এই মিছিল করা হয়েছে। কাদের ইন্ধনে এই মিছিল হয়েছে তা খুজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
বাবু/এনএইচ