প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৮:৪০ পিএম (ভিজিট : ২৪৯)

X
মেহেরপুরে বিষপানে জেনিয়ারা খাতুন (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ওই গৃহবধূ এক সন্তানের জননী। নিহতের মায়ের অভিযোগ, স্বামীর পরকীয়ার জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত জেনিয়ারা খাতুন গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের প্রবাস ফেরত শরিফুল ইসলামের স্ত্রী। গাংনী থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে স্বামীর উপর অভিমান করে জেনিয়ারা খাতুন নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জেনিয়ারা খাতুনের মা শরিফা খাতুনের অভিযোগ, বেশ কিছুদিন ধরে শরিফুল ইসলাম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রায় জেনিয়ারা খাতুনের উপর শারিরীক নির্যাতন করত শরিফুল। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে জেনিয়ারা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/জেএম