প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১১:০২ পিএম (ভিজিট : ১৫০)

X
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ দলটির ৭ নেতাকর্মী আটক হয়েছেন। আজ শনিবার বিকেলে বিএনপির পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণকালে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে ৫ নেতাকর্মী আহত হন বলে দাবি করেছে বিএনপি।
আটক নেতাকর্মীরা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন, চারঘাটের ভায়া লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, চারঘাট শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক ও বিএনপি নেতা এমদাদুল হক, বাঘা উপজেলার হরিরামপুর এলাকার যুবদল সদস্য স্বপন ইসলাম, বাগমারা উপজেলা যুবদল নেতা মনির হোসেন এবং গোদাগাড়ী উপজেলার ছাত্রদল সদস্য আমিনুল ইসলাম সুজন।
আর পুলিশের লাঠিচার্জে আহতরা হলেন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট ও সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শামীম সরকার, জেলা যুবদল সদস্য সোহরাব হোসেন দুলু এবং বাগমারার তাহের পৌর যুবদল নেতা রমজান আলী।
পুলিশ বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির কারণে বিএনপি নেতকাকর্মীদের আটক করা হয়েছে। তবে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ব্যক্তিগত সহকারী শামীম সরকার জানান, জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর সাগরপাড়া থেকে বাটার মোড়ের দিকে যাচ্ছিলেন। মিছিলটি গণকপাড়ায় এসে বাটার মোড়ের দিকে ঘুরছিল। এ সময় পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ করে। মিছিলের সামনে থাকা চাঁদসহ মোট ৭ জনকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশের লাঠিপেটায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের উপকমিশনার আরেফিন জুয়েল বলেন, বিএনপির অবস্থান কর্মসূচির জন্য ভুবন মোহন পার্কে অবস্থানের অনুমতি ছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেটি না করে বাটার মোড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। এ কারণে জেলা বিএনপির আহ্বায়ক চাঁদসহ ৭ জনকে আটক করা হয়েছে।
বাবু/মম