নদীগর্ভে দ্রুত বিলীন হচ্ছে ডজন খানেক শিক্ষাপ্রতিষ্ঠান

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম তীরে ভাঙন কবলিত মসজিদবাড়ি গ্রামে গড়ে উঠেছে একাধিক অবৈধ ইটভাটা। ভেকু মেশিন

2023-04-02T16:05:38+00:00
2023-04-02T16:05:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইটভাটায় পুড়ছে তিন হাজার শিক্ষার্থীর স্বপ্ন
নদীগর্ভে দ্রুত বিলীন হচ্ছে ডজন খানেক শিক্ষাপ্রতিষ্ঠান
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৪:০৫ পিএম   (ভিজিট : ৩২৬)
X


বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম তীরে ভাঙন কবলিত মসজিদবাড়ি গ্রামে গড়ে উঠেছে একাধিক অবৈধ ইটভাটা। ভেকু  মেশিন দিয়ে ফসলি জমির মাটি তুলে ইট তৈরি করছে এসব ইটভাটা। ফলে খুব দ্রুতই নদীগর্ভে বিলীন হচ্ছে পুরো গ্রাম। কয়লার পরিবর্তে পুড়ছে কাঠ। বিপন্ন হচ্ছে পরিবেশ ও ফসলের জমি। জোর করে মানুষের জমি ও বসত বাড়ি দখল করে বছরের পর বছর ওই সব ভাটা বহাল তবিয়তে ইট তৈরির কাজ অব্যাহত রেখেছে। এছাড়া ফসলি জমি ও নদীর পাশ থেকে মাটি কাটার ফলে কৃষিজমি নদীতে বিলীন হচ্ছে। হাইকোর্টের নির্দেশনা হচ্ছে সমস্ত অবৈধ ইটভাটা বন্ধের। কিন্তু এখানে প্রশাসনের নাকের ডগায় বসে কীভাবে অবৈধভাবে ইটভাটা চালাচ্ছে তা বোধগম্য নয়।

ইটভাটার অবিরাম ধোঁয়ায় শ্বাসকষ্টসহ রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন মানুষ। ইটভাটার দুইশ হাতের মধ্যেই রয়েছে ঐতিহ্যবাহী মসজিদবাড়ি ডি.এস আলিম মাদ্রাসা, টেকনিক্যাল কলেজ, হাফিজি মাদ্রাসা, এতিমখানা ও নুরানী মাদ্রাসা। আধা কিলোমিটারের মধ্যে রয়েছে ইসলামিয়া কলেজ, ইসলামিয়া গার্লস স্কুল, মসজিদবাড়ি স্কুল অ্যান্ড কলেজ ও দাশের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার শিক্ষার্থী নিয়মিত পড়াশুনা করে। ইটভাটার দূষণে এরা অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিষাক্ত ধোঁয়ার ফলে মাঝে মধ্যে ছাত্রীরা ক্লাসেই অসুস্থ হয়ে পড়ছে।

জানা গেছে, প্রশাসনের নজর এড়িয়ে মুনাফালোভীদের এই অবৈধ ব্যবসায় পুড়ছে তিন হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ। পুড়ছে তাদের সুন্দর শৈশব-কৈশোর। শিক্ষক ও শিক্ষার্থীদের শরীরে বাসা বাঁধছে কঠিন সব রোগ-ব্যাধি। ইটভাটার দূষণ থেকে পরিত্রাণ চেয়ে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে লিখিত আবেদন করেছেন মসজিদবাড়ি এলাকাবাসী। প্রায় চারশ মানুষের স্বাক্ষর করা ওই আবেদনে এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থীসহ সবাই প্রশাসনের কাছে এসব অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধের জোর দাবি জানিয়েছেন।

জানা গেছে, বিবিএফ ইটভাটায় চলছে মাদকের রমরমা ব্যবসা। ইটভাটায় কাজ করা পরিযায়ী শ্রমিকদের অনেকেই মাদকের সঙ্গে জড়িত। এরা এলাকার শিশু-কিশোরদের মাদকের জগতে টেনে নিচ্ছে। ফলে একটা অসুস্থ ও বখাটে প্রজন্ম তৈরি হচ্ছে।

তাছাড়াও, এই ভাটায় পরিযায়ী শ্রমিকদের মনোরঞ্জনের জন্য মাঝে মধ্যে বিভিন্ন এলাকা থেকে মেয়েদের নিয়ে আসা হয়। কয়েকদিন থেকে তারা আবার চলে যায়। ২০২০ সালে বিবিএফ ভাটায় একটি ধর্ষণের ঘটনাও ঘটে। আব্দুল হাকিম সরদারের স্কুলপড়ুয়া মেয়ে সুলতানাকে বিবিএফ ইটভাটার দিনদুপুরে সময় ধর্ষণ করা হয় যার মামলা এখনো চলমান। ফলে গ্রামের মেয়ে শিক্ষার্থীরা ওই ভাটার কাছ থেকে যেতে রীতিমতো আতঙ্কে থাকে।

গত সপ্তাহে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা শাহ আলম মসজিদবাড়ি মাদ্রাসা সংলগ্ন ব্রাদার্স ব্রিক ফিল্ড (বিবিএফ) সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ভাটার মালিক ছাকিবুল হোসেন সুমনকে ভাটায় পাওয়া যায়নি। পরে এলাকায় এসে লোকজনকে হুমকি-দমকি দেয় এবং টাকা দিয়ে ওপর মহল ম্যানেজ করে ব্যবসা চালিয়ে যাওয়ার কথা বলেন।

জানা গেছে, বিবিএফ ভাটার মালিক সুমন বিএনপির একনিষ্ঠ ডোনার। বিএনপির সবধরনের প্রোগ্রামে সুমন ফান্ডিং করেন। ইটভাটার বিরোধিতা করায় এলাকাবাসীকে বিএনপির থানা পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।

গ্রামের কৃষক ইউসুফ গাজী বলেন, যেখান থেকে মাটি তোলা হচ্ছে, সেখানে ব্লকের ধান হতো। এখন ইটের ভাটার কারণে পাশর্^বর্তী জমিতেও ফসল হয় না। এখন আমাদের মরণ ছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি আরও বলেন, এলাকার ফলদ বৃক্ষে ফল ধরে না, কৃষিজমিতে ফসল হয় না। নদীর চর ও কৃষিজমির ওপরের স্তরের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় নদীভাঙনসহ কৃষিজমির উর্বরতা কমছে।

মসজিদবাড়ি ডি এস আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতোয়ার রহমান বলেন, ইটভাটার ধোঁয়ায় মাদ্রাসায় টিকে থাকাই দায় হয়ে পড়েছে। আমাদের কোমলমতি শিক্ষকরা শ্বাসকষ্টসহ নানা ব্যাধিতে ভুগছে। নদীর তীর থেকে মাটি কেটে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চরম শঙ্কার মধ্যে ফেলেছে।

তিনি বলেন, আমার মাদ্রাসা থেকে মাত্র ২০০ হাত দুরে এসব ভাটায় কয়লার বদলে কাঠ পোড়ানের কারণে এলাকার বনভূমি উজাড় হচ্ছে। শব্দ ও বায়ুদূষণ অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় শিক্ষার্থীদের ক্লাস নেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে।

ভাটাসংলগ্ন ইসলামীয়া কলেজের প্রিন্সিপাল গোপাল বসাকের কণ্ঠেও একই কথা শোনা গেল। তিনি বলেন, আমরা আসলেই অসহায়। এসব ইটভাটার কালো ধোঁয়া থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের আমরা বাঁচাতে পারছি না। তিনি এসব অবৈধ ইটভাটা এখনই বন্ধ করে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বাঁচাতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

ভাটাসংলগ্ন মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা অধ্যাপক আব্দুর রহীম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থ সবার আগে। কারণ এই শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাই ইটভাটার কালো ধোঁয়া থেকে শিক্ষার্থীদের পরিত্রান দিতে এসব ইটভাটা দ্রুত বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে গ্রামবাসীর সঙ্গে কয়েক দফা বাকবিতণ্ডাও হয়েছে বিবিএফ ইটভাটা কর্তৃপক্ষের সঙ্গে। যেকোনো সময় এটা বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে। তাই নিজেদের বসত ভিটা, ডজন খানেক শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট-বাজার ও ফসলি জমি বাঁচানোর পাশাপাশি তিন হাজার শিক্ষার্থীর শিক্ষার সুস্থ পরিবেশ এবং শিশু-কিশোরদের ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষার জন্য মেসার্স ব্রাদার্স ব্রিক ফিল্ড (বিবিএফ) ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করার জন্য এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে।

বরিশালের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এখানের ইটভাটা পরিদর্শন করেছি। এসব ইটভাটাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy