প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৪:০৮ পিএম (ভিজিট : ৪৫৬)

X
পূর্বধলা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেলস্টেশনটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় স্টেশনের পরিবেশ নষ্ট হচ্ছে। জনগণের অসচেতনতা, কর্তৃপক্ষের উদাসীনতাই এমনটা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। ভৌগলিক দিক দিয়ে এই স্টেশনের আলাদা গুরুত্ব বহন করে। ব্রিটিশ আমলেই পূর্বধলা রেলস্টেশন স্থাপিত হয়। এখন এই রুটে নিয়মিত বলাকা কমিউটার নামে একটি ট্রেন জারিয়া-ঢাকা ট্রেন চলাচল করে। ট্রেন যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে জারিয়া-ঝানজাইল-পূর্বধলা-শ্যামগঞ্জ-গৌরিপুর-ময়মনসিংহে লোকাল ট্রেন দিনে তিন বার চলাচল করে। অসংখ্য মানুষ তাদের স্বাস্থ্য সুরক্ষায় সকাল সন্ধ্যা হাটাহাটি করে। কিন্তু বর্তমানে এই স্টেশনে কেউ আসলে তাকে ময়লার দুর্গন্ধে নাক ঢেকে আসতে হয় আর জনগণ যখন তখন, যেখানে সেখানে মুত্রত্যাগ করে। স্থানীয় জনগণ পূর্বধলা স্টেশনকে ময়লা আবর্জনা মুক্ত করতে এবং বাজারে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন ব্যবহার করার দাবি জানিয়েছেন।

সরেজমিন দেখা যায়, ময়লা স্তুপ করে রাখায় স্টেশনটির সামনে এবং পিছনের জায়গা ভাগাড়ে পরিণত হয়েছে। রেলস্টেশনের উত্তর এবং পশ্চিম পাশে কাঁচাবাজার, মাছ বাজার সহ সারা বাজারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা গাদা মেরে রাখা হয়েছে। দুর্গন্ধের কারণে পাশ দিয়ে হাঁটা যাচ্ছে না। স্টেশনের লাগোয়া পরিত্যক্ত বিল্ডিং আর রেললাইনের ধার দিয়ে মানুষ অনবরত মুত্রত্যাগ করতে আসছে। দখল-দূষণ ছাড়াও নানা সঙ্কটে ধুঁকছে এই রেলপথ। এ রেলপথের অন্যান্য স্টেশনগুলো এক সময় যাত্রীর উপস্থিতিতে থাকতো সরগরম। কিন্তু সেবার মান কমে যাওয়ায় যাত্রী সংখ্যা কমেছে ব্যাপক হারে।
স্টেশন বাজারের কয়েক জন ব্যবসায়ী বলেন, স্টেশন বাজারে প্রতিদিন প্রায় শত শত মানুষ এই বাজারে যাতায়াত করে। কিন্তু এই বাজারের বাথরুম নেই, আর স্টেশনে এনজিও দাতাসংস্থার গণশৌচাগার আছে মাত্র একটি। আবার তাতে প্রসাব করতে গেলে ৫ টাকা দেওয়া লাগে। সারাদিনে চারবার আসলে ২০ টাকা খরচ। এজন্যই লোকলজ্জার মাথা খেয়ে লোকজন স্টেশনে খোলা জায়গায় প্রসাব করতে আসে। এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা রেলস্টেশন বুকিং মাস্টার আব্দুল মোমেন বলেন, স্টেশনে ময়লা না ফেলতে এবং ময়লা আবর্জনা পরিস্কার করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মআমি বাজার কর্তৃপক্ষের সাথেও কথা বলবো।
-বাবু/এ.এস