প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ১:০৬ পিএম (ভিজিট : ১৮৮)

X
ঈদের নতুন জামাকাপড় কিনে বাড়ি ফেরা হলো না পিতা-পুত্রের। গতকাল শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন ডিস ব্যবসায়ী সেলিম উদ্দিন (৩৮) ও তার পুত্র বড়কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মিনহাজ উদ্দিন (১৩)। তারা উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় কমলদহ গ্রামের উকিল বাড়ীর বাসিন্দা।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বড় দারোগারহাট বাজার থেকে পিতা ও পুত্র ঈদের নতুন জামা কেনাকাটা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় চট্টগ্রামমুখী তরমুজবাহী ট্রাক ও মিনি পিকআপ প্রতিযোগিতায় মত্ত হয়।
একপর্যায়ে দুই গাড়ির সংঘর্ষ ঘটলে পরবর্তীতে ট্রাকটি পিতা ও পুত্রকে চাপা দেয়। পিতা-পুত্রকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও মিনি পিকআপ উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে পুলিশের (ওসি) শাহাদাত হোসেন সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহতের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, নিহতদের সুরতহাল শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও মিনি পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
-বাবু/এ.এস