প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:৪৮ পিএম (ভিজিট : ১৪৪)

X
সারাদেশে সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গোপালপুর উপজেলা কমিটির উদ্যোগে পৌর শহরের থানা ব্রিজ ও পৌর এলাকার কালীবাড়ি মোড়ে এবং বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড, ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয় ও শিয়ালকোল হাটে এই প্রতিবাদ পথসভার আয়োজন করা হয়।
গোপালপুর উপজেলা কমিটির সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক এম এ মাসুদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, উপজেলা সিপিবি নেতা সাবেক পৌর কমিশনার হাবিব মন্ডল, কৃষক সমিতির উপজেলা কমিটির নেতা সমীর কুমার দে, বেলুয়া গ্রাম কমিটির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। পরে ভূঞাপুরে উপজেলা কমিটির সিপিবি সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান বলেছেন, সরকার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন এবং দফায় দফায় সারের মূল্যবৃদ্ধি করছে। গত ১১ এপ্রিল সারের দাম কেজি প্রতি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত আগষ্ট মাসে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বৃদ্ধি করা হয়। এর খেসারত দিচ্ছেন খেটে খাওয়া দেশের গরিব কৃষক ও সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, গত এক বছরে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়িয়েছে ফলে প্রতিটি নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে জন-জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আমাদের আজকের এই সভা থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা দাবি করছি- কৃষি, কৃষক ও জনগণের স্বার্থে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য কৃষি উপকরণের দাম কমাতে হবে। ফসলের লাভজনক দাম দিতে হবে। গ্রামীণ পল্লীরেশন, গণবন্টন ব্যবস্থা ও শস্য বীমা চালু করতে হবে।
বাবু/জেএম