
X
দেশের চার জেলায় আজ রোববার সারা দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এসব ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে সুনামগঞ্জের ছয়জন, মৌলভীবাজারে দুজন এবং সিলেট ও নেত্রকোনায় একজন করে।
সুনামগঞ্জ
সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুজন। আজ রোববার সকালে তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতকে এসব ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন—ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পশ্চিম দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৮), পশ্চিম বড়কাঁপন গ্রামের আরশ আলী (৫৮), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের আবদুস সামাদ (২৫); দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের তারা মিয়া (৩০), ফতেপুর গ্রামের মিলন মিয়া (১৪) এবং তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের রমজান আলী (১৬)। আহত ব্যক্তিরা হলেন তাহিরপুরের মুকিদ মিয়া (২৫) ও দোয়ারাবাজারের নিজাম উদ্দিন (৩০)।
মৌলভীবাজার
এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমল উপজেলায় আজ রোববার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন শ্রীমঙ্গলের লালবাগ এলাকার বাসিন্দা মতলব মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (৩০) এবং কমলগঞ্জ উপজেলার শম শব্দকর (৪২)।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আজ রোববার দুপুরে হাইল হাওরে কয়েকজন মিলে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে রিয়াজ উদ্দিন নিহত হওয়ার পাশাপাশি জাহেদুর মিয়া এবং কাবিল মিয়া (৫০) নামে দুজন আহত হয়। তারা প্রত্যেকেই লালবাগ এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আহতদেরও সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে জেলার কমলগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে শম শব্দকর (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে উপজেলার উত্তর তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, নিহত শম শব্দকর মঙ্গলপুর এলাকার জিতেন্দ্র শব্দ করের ছেলে। মাঠে গরু চড়াতে গেলে তার ওপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে।
সিলেট
সিলেটের বালাগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে আনছার আলী (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বালাগঞ্জ থানার ওসি রামপ্রসাদ চক্রবর্তী জানান, সকালে দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আনছার আলী (৭০) সকালে জমিতে ধান কাটতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুরে ধান কাটার সময় বজ্রপাতে রফিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়েছেন। আজ রোববার দুপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দঊষাণ গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে বিলের জমিতে ধান কাটার কাজ করছিলেন দুই ভাই। এ সময় বজ্রপাত শুরু হলে ধান ক্ষেত থেকে বাড়িতে যাওয়ার সময় আহত হন দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিকুল হাসানকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবুল্লাহ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/পিকু