প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৮:০৫ পিএম (ভিজিট : ১৭৯)

X
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, গত ৫০-৬০ বছরে দেশের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। আমরা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে একটি গতিশীল জুডিশিয়ারি তৈরি করতে আমরা বদ্ধপরিকর।
আজ বৃহস্পতিবার শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আমাদের লক্ষ্য একটাই, দেশকে আরো গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরো বলেছেন, দেশে গত বছর মামলা দায়েরের চাইতে নিস্পত্তি বেশি হয়েছে। গত বছর বিচার বিভাগ ৮ লাখের বেশি মামলা নিস্পত্তি করেছে, আর মামলা দায়ের হয়েছে ৭ লাখের মতো। এছাড়া গত বছর সুপ্রিম কোর্ট ১৫৫টি ডেথ রেফারেন্স নিস্পত্তি করেছে, যা গত ৫০ বছরেও হয়নি। আমরা বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইনজীবী ও আইনজীবী সহকারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জুডিশিয়ারিকে আরও গতিশীল করার চেষ্টা করছি।
তিনি বলেন, শেরপুরে মামলা নিস্পত্তির হার ১৪২ ভাগ। অর্থাৎ ১০০ মামলা দায়ের হলে পুরোনো মামলাসহ নিস্পত্তি হয়েছে ১৪২টি। এটি বেশ সন্তোষজনক। আইনজীবী ও আইনজীবী সহকারীদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। তিনি আরও বলেন, বার ও বেঞ্চ একে অপরের পরিপূরক। যদি বার বেঞ্চকে সহায়তা না করে তবে একা জজদের পক্ষে বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মশিয়ার রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা। ওইসময় প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও তার নিজের পোট্রেট উপহার দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্য বিচারকগণ ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা আইনজীবী সমিতির নবনির্মিত লাইব্রেরী কক্ষ উদ্বোধন করেন। এর আগে তিনি জেলার বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে ওইসময় অন্যান্য অতিথি ও বিচারকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ-২ ইসমেত জিহান। পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী মানুষের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি। ওইসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহাবুব আলী মোয়াদ।
বাবু/জেএম