প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৬:৫৫ পিএম (ভিজিট : ২১১)

X
পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নে মুগডাল তুলতে গিয়ে মো. আলমগীর খান (৫০) নামের এক কৃষক বজ্রাহত হয়ে মারা গেছে। আজ শুক্রবার বিকাল সোয়া পাচটার সময় ওই ইউনিয়নের দক্ষিণ জামুরা গ্রামের শিফাই বাড়ির পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর খান একই এলাকার মৃত মালেক খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান।
লাউকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইলিয়াছ বাচ্চু জানান, ঘটনার সময় আলমগীর খেতে মুগডাল তুলছিল। এসময় আচমকা বজ্রপাতে ঘটনাস্থলেই আলমগীর মারা যায়। বজ্রপাতের শব্দ শুনে খেতের পাশের বাড়ির লোকজন ছুটে আসলে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে জনপ্রতিনিধিদের খবর দেয়া হয়। তিনি জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আলমগীরের। তিনি আরও জানান, পরিবারের সাথে আলোচনা করে মৃত আলমগীরের জানাযা সহ পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, স্থানীয় চৌকিদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই চৌকিদার আলমগীরের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাবু/জেএম