পোস্টার লাগানো নিরুৎসাহিত করতে মগবাজার ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি শিল্প

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, শহরের অবকাঠামো এবং পাবলিক স্পেসে ব্যাপকভাবে পোস্টার লাগানোকে

2023-05-03T12:41:39+00:00
2023-05-03T12:41:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোস্টার লাগানো নিরুৎসাহিত করতে মগবাজার ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি শিল্প
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ১২:৪১ পিএম   (ভিজিট : ২৬৫)
X


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, শহরের অবকাঠামো এবং পাবলিক স্পেসে ব্যাপকভাবে পোস্টার লাগানোকে নিরুৎসাহিত করতে ঢাকার মগবাজার ফ্লাইওভারের পিলারগুলোতে আকর্ষণীয় গ্রাফিতি আর্ট করা হচ্ছে।

তিনি বলেন, সরকার ফ্লাইওভারের পিলারে পোস্টার লাগানো বন্ধে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে চায়। তাই ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট যত্রতত্র পোস্টার বন্ধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করবে।

ডিএনসিসি মেয়র বলেন, ‘শহরের ফ্লাইওভারের পিলারের দিকে তাকালে আমরা সব জায়গায় পোস্টার দেখতে পাই। আমি সবাইকে এটা বন্ধ করার জন্য অনুরোধ করতে চাই। অন্যথায় আমরা আইনি ব্যবস্থা নেব। জেল ও জরিমানা হবে।’

অনুষ্ঠানের শুরুতে মেয়র আতিকুল ইসলাম চিত্র শিল্পীদের অনুপ্রেরণা দিতে নিজেই রঙ তুলির আঁচড়ে গ্রাফিতি কার্যক্রম উদ্বোধন করেন।

মেয়র বলেন, ‘দেশটা আমাদের, শহরটাও আমাদের। এই দেশ, এই শহর বাইরের কারো নয়। অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। অথচ যত্রতত্র পোস্টার লাগিয়ে আমরা নিজেরাই এই শহরে দৃশ্য দূষণ করছি।’

তিনি বলেন, ‘আমরাই শব্দ দূষণ করছি, বায়ু দূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে, সচেতন হতে হবে। শুধু সরকার, সিটি করপোরেশন দায়িত্ব নিলে হবে না। সবাইকে দায়িত্ব নিতে হবে।’

মেয়র আতিক বলেন, ‘আমরা সিটি করপোরেশন থেকে পোস্টার-ব্যানারে ভরা অসুন্দর পিলারগুলোকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছি। আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। পিলারগুলোতে চিত্রকর্মের মাধ্যমে শিক্ষণীয় ম্যাসেজ দেয়া হবে। যেমন-হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই, গাছ লাগাই পরিবেশ বাঁচাই, তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন, আসুন দেশকে ভালোবাসি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রিকশায় যারা পেইন্টিং কাজ করতেন, তাদের যেন সম্পৃক্ত করি। তাই রিকশা পেইন্টিংয়ের সাথে সম্পৃক্ত বিখ্যাত চিত্র শিল্পীদের এই গ্রাফিতি কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। মগবাজার ফ্লাইওভারে শুরু করেছি। পর্যায়ক্রমে বাকি ফ্লাইওভার ও মেট্রোরেলের পিলারেও গ্রাফিতি করা হবে।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘সুন্দর পিলারগুলোতে পোস্টার লাগাবেন না। শহরকে রক্ষায় আপনাদের এগিয়ে আসতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের গ্রাফিতি কার্যক্রম রয়েছে। আমরাও কিন্তু চাইলেই পারি। সবাই সচেতন হলে আমরা শহরকে পরিচ্ছন্ন রাখতে পারব।’

এ সময় ফ্লাইওভারের পিলারের সৌন্দর্য রক্ষায় সিসি ক্যামেরা লাগানোর ঘোষণাও দেন তিনি।

সূত্র : ইউএনবি

-বাবু/এ.এস





  বিষয়:   মগবাজার  পোস্টার  গ্রাফিতি শিল্প 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy