প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৯:০৩ পিএম (ভিজিট : ২৬৩)

X
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় সিটি বাজার এলাকায় ফরিদা হাউজের নিচ তলায় শারমিন জুয়েলার্সে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।
সিসি টিভির ফুটেজ চেক করে দেখা যায়, আজ ভোর পাঁচটা ৪৭ মিনিটের দিকে অজ্ঞাতনামা পাঁচ জন ব্যক্তি শারমিন জুয়েলার্সের সামনে এসে মানুষের আনাগোনা বুঝার চেষ্টা করে। প্রথমে তারা দোকানের সামনে লাগানো সিসি টিভির কেমেরা ভেঙে ফেলে। পরে তারা সুযোগ বুঝে আধুনিক যন্ত্র দিয়ে তালা ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে দেশি-বিদেশি ৪০ ভরি সোনা এবং প্রায় ৫০ ভরির মতো রুপা নিয়ে তারা চলে যায়।
শারমিন জুয়েলার্সের মালিক রুবেল হোসেন বলেন, আমি প্রতিদিনের মতো গতকাল সোমবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। বাসায় ফিরে রাত ৪টা পর্যন্ত মোবাইলের মাধ্যমে দোকানের সিসি টিভির ফুটেজ দেখি। ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। সকাল ১১টায় দোকানে এসে দেখি শাটারে কোন তালা নেই। তবে একটি তালা লাগানো আছে সেটি আমার তালা নয়। তখন আমি দোকানের সিসি টিভির ফুটেজ চেক করে দেখি দোকান চুরি হয়েছে।
চুরির কারণ জানতে চাইলে তিনি বাংলাদেশে বুলেটিনকে বলেন, আমি এই এলাকায় ১২ বছর ধরে ব্যবসা করি। এলাকায় কারো সাথে আমার কোন শত্রুতা নেই এবং কারো প্রতি আমার কোন সন্দেহ ও নেই।
ক্ষতির পরিমাণ জানতে চাইলে দোকান মালিক রুবেল বলেন, আমার দোকানে দেশি বিদেশি মিলিয়ে ৪০ ভরি স্বর্ণ এবং ৫০ ভরি রুপা চুরি হয় যার বর্তমান বাজার মূল্যে ৪০ লাখ টাকা।
বাবু/জেএম