প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৬:০৪ পিএম আপডেট: ১২.০৫.২০২৩ ৬:০৮ পিএম (ভিজিট : ১৬৪)

X
রাজধানীর খিলগাঁওয়ে স্যানিটারি মিস্ত্রি ইমরান হত্যার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. শহিদ মিয়া। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গোয়েন্দা মতিঝিল-বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম জানান, গত ৫ মে রাত সাড়ে ৮ টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন লোক স্যানিটারি মিস্ত্রি ইমরানকে লোহার পাইপ দিয়ে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার আড়াইটায় মারা যায়। এ ঘটনায় সোমবার খিলগাঁও থানায় ইমরানের ভাই মামলা রুজু করেন। মামলাটি ছায়াতদন্ত করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।
তিনি আরও জানান, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শহিদ মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। গত বুধবার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যার ঘটনায় জড়িত পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
খিলগাঁও থানার ওসি ফারুকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত শহিদকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।