প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৮:০০ এএম (ভিজিট : ১৩৭)

X
কুমিল্লায় পাচারকারীদের হাত থেকে ৬ মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোবারক হোসেন (৫০) ও ইমন খান জিলন রায়হান (২৭) নামের মানবপাচার চক্রের ২ সদস্যকে আটক করা হয়।
রোববার (১৪ মে) তাদের বিরুদ্ধে মানবপাচারের মামলা দায়ের করা হয়।
এর আগে শনিবার (১৩ মে) বিকেলে জেলার লাকসাম উপজেলার লাকসাম জংশন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ।
তিনি বলেন, আটককৃত মানব পাচারকারীরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকার মাদরাসা টার্গেট করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রলুব্ধ করে নিজেদের কব্জায় নেয়। পরে তাদের বিভিন্ন স্থানে প্রেরণসহ শারীরিক, মানসিক নিপীড়ন এবং ভয়ভীতি দেখিয়ে কার্যসিদ্ধি করে।
ওসি আরও বলেন, তারা এসব ছাত্রদের ভারতে পাচারের পরিকল্পনা করছিল। এ ঘটনায় এক ছাত্রের বাবা লাকসাম থানায় এসে দুইজনের নাম উল্লেখ করে অপর একজনকে অজ্ঞাত রেখে মানবপাচার আইনে মামলা দায়ের করেছেন।
বাবু/জেএম