
কক্সবাজার জেলা শহরে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২০ মে) রাত ১০টার দিকে কলাতলী গ্রীন লাইন কাউন্টার থেকে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়।আটককৃতরা হলেন, রেজাউল করিম (৪৭) সিরাজগঞ্জের সমেশপুরের মৃত আলতাফ হোসেনের ছেলে ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।
টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিল। যাওয়ার সময় ইয়াবাগুলো কৌশলে ঢাকায় পাচারের জন্য মজুদ রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল ইসলামের নির্দেশে কলাতলী ডলফিন মোড়ের গ্রীন লাইন কাউন্টার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক রেজাউল নিজেকে ১৬ এপিবিএন এর উপ-পরিদর্শক দাবি করছেন। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আছেন বলে জানান। যার সত্যতা যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে জানতে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) হাসান বারী নুরের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে, রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।
বাবু/জেএম