
রাজধানীর মানিকনগর এলাকা থেকে মো. জামাল উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মুবায়দুল ইসলাম। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা বিদ্যুতের তার গলায় পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখি। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক অশান্তির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। বর্তমানে মুগদা থানার মানিকনগর এলাকায় জেসমিন আক্তারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাড়ি পাবনার সাঁথিয়া থানা এলাকায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
বাবু/জেএম