প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৪:৩০ পিএম (ভিজিট : ৩২৭)

X
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন অগ্নিদগ্ধ হয়েছে।
শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে আগুন লাগার সংবাদ আসে। আগুন লাগা ট্রলারটিতে ৫ জন মাঝি-মাল্লা ছিলেন। যাদের মধ্যে তিনজন সাগরে লাফ দেয় এবং দুইজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।
একাধিক সূত্র জানিয়েছে, পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছেই ট্রলারটি নোঙ্গর করা ছিল৷ ধারণা করা হচ্ছে ট্রলারের ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় ট্রলারটিতে একাধিকবার বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। একাধিক সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহতদের নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ দিকে স্থানীয়রা জানায়, রাত ১২ টার দিকে বিকট শব্দে ট্রলারটিতে আগুন জ্বলতে দেখা যায়৷ সাগরে সে সময় ভাটা চলছিলো৷ ফায়ার সার্ভিসের গাড়ী দ্রুত আসলেও সাগরে নেমে ট্রলার পর্যন্ত যাওয়ার কোন ব্যবস্থা তাদের না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা সাগর পাড়েই দাঁড়িয়ে ছিলেন। এসময় আহতদের উদ্ধার করা গেলেও আগুন নেভানোর কাজ শুরুই করা যায়নি। প্রায় ঘন্টা খানেক পর জোয়ার আসার শুরু করলে জ্বলন্ত ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে ভাসতে থাকে। এসময় আশপাশে বেশ কিছু লাইটার জাহাজ সেখান থেকে সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে বন্দরের জাহাজ কান্ডারি-৮ ও কোস্টগার্ড প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আসে।
বন্দর সচিব ওমর ফারুক বাংলাদেশ বুলেটিনকে জানান, আগুন লাগার বিষয়টি তাৎক্ষনিক নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানানো হয়। পরে অগ্নিনির্বাপণে ব্যবহৃত বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। কোস্টগার্ডের নৌযান মেটাল শার্ক ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণ করে।