প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ৭:১২ পিএম (ভিজিট : ২৭৮)

X
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের চার নেতাকে লাঠিপেটা করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি, যুগ্ন-সম্পাদক আল আমিন, মুড়াপাড়া ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল হোসেন ও ওই ওয়ার্ডের সহ-সভাপতি ফরহাদ হোসেন।
মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে তারা চারজন ইজিবাইকে করে রূপসী থেকে মুড়াপাড়া ফিরছিলেন। রূপসী মোড় থেকে ইজিবাইকটি ছেড়ে আফতাব ফিড এলাকায় আসার পর তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত সামনে থেকে ইজিবাইকটি গতিরোধ করে। এসময় তারা তাদের মুঠোফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়। এসময় তাকেসহ যুগ্নসম্পাদক আল আমিন, মুড়াপাড়া ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল হোসেন ও ওই ওয়ার্ডের সহ-সভাপতি ফরহাদ হোসেনকে লাঠিপেটা করে গুরুতর আহত করে। তখন হামলাকারীরা নিজেদের ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেয়। পরে স্থানীয় লোকজন তাদের আত্মচিৎকারে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান বলেন, গতকাল রাতে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ চার নেতাকে লাঠিপেটো করে গুরুতর আহত করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি পদক্ষেপ নিব।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ রিয়াজ বলেন, এ ধরনের কোন ঘটনা ছাত্রলীগের কেউ ঘটায়নি। বিএনপির কাজই হচ্ছে নিজেদের ঝামেলার দায় আমাদের উপর চাপানো।
রূপগঞ্জ থানার (ওসি) তদন্ত আতাউর রহমান বলেন, এ ধরনের কোন ঘটনা আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
বাবু/জেএম