প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৫:৩৬ পিএম (ভিজিট : ১৯৬)

X
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সমুদ্র সৈকতে এক সপ্তাহ ধরে একটি মৃত ডলফিন পড়ে আছে। মৃত ডলফিনের দুর্গন্ধ সমুদ্র সৈকতে ভ্রমণকারীদের অস্বস্তিকর করে তুলেছে।
স্থানীয় লোকজন জানায়, মৃত ডলফিনের দুর্গন্ধ পেলেও উপজেলা মৎস্য অধিদপ্তরসহ কেউ উদ্ধারে এগিয়ে আসেনি। আইনি ঝামেলার ভয়ে মৃত ডলফিনকে কেউ দাফন করছে না।
জেলে সজীব মিয়া সমুদ্র সৈকতে পড়ে থাকা মৃত ডলফিনের পাশে বসে জাল ফেলে জোয়ারের অপেক্ষা করছিলেন। তিনি জানান, এক সপ্তাহ আগে জোয়ারের পানিতে মৃত ডলফিনটি উপকূলে ভেসে উঠে। প্রথমে এটি বাঁধ সংলগ্ন ব্লকের বাইরের অংশে ছিল। পরে ডলফিনটি ব্লক-টি অতিক্রম করে এবং জোয়ারের কারণে বাঁধের নীচের অংশে আসে। এখন জোয়ার কম থাকায় ডলফিন পচা গন্ধ পাচ্ছি। মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কেউ এসে ডলফিনটিকে নিয়ে যাচ্ছে না। আইনি ঝামেলায় মৃত ডলফিনকে সরিয়ে নিতেও ভয় পাচ্ছেন তারা।
রোববার বিকেলে বাঁধের নিচে মৃত ডলফিনটিকে পড়ে থাকতে দেখা যায়। এটি পচা এবং ফুলে গেছে। দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে পর্যটকরা নাকে হাত দিয়ে দ্রুত চলে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, ডলফিনের বিষয়টি এখন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ দেখভাল করছে। তবে তিনি স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করবেন।
উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন জানান, ডলফিনের মৃত্যুর বিষয়টি তিনি জানেন না। তিনি বলেন, বাঁশবাড়িয়া বিট কর্মকর্তা পাঠিয়ে কবর দেওয়ার নির্দেশনা দেবেন।
বাবু/জেএম