প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১:১১ এএম (ভিজিট : ২২২)

X
সব কৌতূহল ও অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ২৮ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র নারকেল গাছ মার্কা প্রতীকের মাসেদুল হক রাশেদ ২৪ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন।
সোমবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে বেসরকারি এই ফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে ২২ বছরের সফল একজন প্রতিনিধি মেয়র পেল কক্সবাজার পৌরবাসী৷
ভোট গণনা শুরুর পর থেকে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ ও নৌকা মার্কার মাহাবুবুর রহমান চৌধুরীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলতে দেখা যায়। প্রায় রাতে সব কেন্দ্রের ফল ঘোষণার বেশ আগেই মাহাবুবুর রহমান চৌধুরীর বিজয়ী হওয়ার আভাস মিলতে থাকে। শেষ পর্যন্ত ৩ হাজার ৩৬৩ ভোটের ব্যবধানে জয়ের মুকুট ওঠে তার মাথাতেই। সঙ্গে সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন মাহাবুবুর রহমানের কর্মী-সমর্থক ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা৷
মাহাবুবুর রহমান চৌধুরীর জয়ের পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, আমরা জিতেছি মানি প্রধানমন্ত্রী জিতেছে৷ মাহবুব জিতেছে মানে কক্সবাজারের সাধারণ মানুষ জিতেছে৷
সোমবার সকাল ৮টায় বিশ্বের দীর্ঘতীম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। ১২টি সাধারণ ওয়ার্ড ও ৪টি সংরক্ষিত ওয়ার্ডের ৪৩ ভোটকেন্দ্রের সবগুলোতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এসব কেন্দ্রে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা। ইভিএমে যেমন সুস্থ ভোট হয়েছে তেমনি রেজাল্ট ও দ্রুত হয়েছে৷
জেলা নির্বাচন অফিসারের তথ্যানুযায়ী, কক্সবাজার পৌরসভায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬৷ এর মধ্যে পুরুষ ৫০ হাজার ১৮৪, নারী ৪৫ হাজার ২০২ জন। নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত প্রার্থী নারকেল গাছ প্রতীকের মাসেদুল হক রাশেদ।
কক্সবাজারে অতীতের পৌরসভার নির্বাচনের চেয়ে এবার ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও ছিল অনেক। প্রার্থীরা কেউ ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। সরেজমিন পৌরসভার ৫নং নম্বর ওয়ার্ডের রুমালিয়ারছড়া আল হোসাইনিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট শুরুর ঘণ্টা খানেক আগে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রায় দেড় ঘণ্টা আগে এসেও পেছনে দাঁড়িয়ে থাকা সাইফুল ইসলাম (৩২) জানান, ভোর সাড়ে ৬টায় এসে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। লাইনের সবার সামনে দাঁড়িয়ে ছিলেন রুমালিয়ারছড়ার বাসিন্দারা৷
বাবু/জেএম