প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৬:২৯ পিএম (ভিজিট : ২০৮)

X
গাজীপুরের টঙ্গীতে চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বি এইচ আই এস এপারেলস লিমিটেড নামক একটি পোষাক কারখানার শ্রমিকরা।
সোমবার সকাল সাড়ে আটটায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এই অবরোধে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিয়ে কারখানায় ফিরে যায় শ্রমিকরা।
কারখানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত শ্রমিকরা চলতি জুন মাসের বেতন ও ঈদ উল আযহার বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করতে কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কয়েকদিন পেরিয়ে গেলেও বেতন বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কারখানা কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো সোমবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে কর্তৃপক্ষের কাছে গেলে তারা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নেয়।
কারখানা মালিক ইকবাল হোসেন বলেন, শ্রমিকরা কারখানায় কোন ভাঙচুর করেনি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসেছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলছি কয়েক দিনের মধ্যে চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ওসমান গণি বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
বাবু/জেএম