প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৬:০৪ পিএম (ভিজিট : ৪৪৬)

X
পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং কৃষকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
হামলায় আহত উত্তম কুমার রায় লিখিত বক্তব্যে জানান, ২ বছর পূর্বে গঠিত উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল চন্দ্র দাসের সাথে তাদের বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রতি ইউনিয়নে পূজা কমিটি গঠন নিয়ে তাদের মধ্যে বিরোধ নতুন করে চাঙ্গা হয়ে উঠে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পার্থ বেপারি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও কাজল চন্দ্র দাস, শিক্ষক বাবুল চন্দ্র কির্তুনিয়া ও তার ছেলে ধ্রুব কির্তুনিয়াসহ ২০/২৫ জন ব্যাক্তি লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে কৃষকলীগ নেতা শ্যাম শংকর রায় (৪৯), দেব দুলাল হাওলাদার (৪৭) ও উত্তম কুমার রায় (৪২)কে আহত করে। এসময় তাদের সাথে থাকা নগদ টাকাসহ ২ লাখ ৭৩ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে দেব দুলাল হাওলাদার বাদী হয়ে ৪ জন নামীয় এবং অজ্ঞাত ২০ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা শ্যাম শংকর রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবু সাওজাল, পরোতোষ বেপারি প্রমুখ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি কাজল চন্দু দাস জানান, বিষয়টি মোটেও সত্য নয়। বরং তার বাসায় ইট পাটকেল ও লাঠি সোটা নিয়ে হামলা করায় তার স্ত্রী আহত হয়েছে বলে তিনি জানান।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষ রিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাবু/জেএম