প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ২:২৮ পিএম (ভিজিট : ৫২৭)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ স্কাফ সিরাপসহ আঁখি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে আঁখি আক্তার মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত না থাকলেও মাদক ব্যবসায়ির গচ্ছিত রাখা স্কাফ সিরাপ তার গোসলঘরে পাওয়ায় আঁখি আক্তারকে আটক করা হয়। এসময় তার গোসলঘরে থাকা ১০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ।
রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর ইউপির সীমান্ত লাগোয়া আনোয়ারপুর গ্রামে আঁখি আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত আঁখি আক্তার ওই গ্রামের ওমান প্রবাসী সুমনের স্ত্রী।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. আবু ছালেক, এসআই মো. মোবারক আলী ও এএসআই মো. শাহজাহান শেখের সমন্বয়ে গঠিত একটি টিম আনোয়ারপুর প্রবাসী সুমনের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির গোসলঘর থেকে ১০০ বোতল স্কাফ সিরাপ পাওয়া যায়। পরে স্কাফ সিরাপসহ আঁখি আক্তারকে আটক করা হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটককৃত আঁখি আক্তার মূলত মাদক ব্যবসায়ী না। তার বাড়িটি সীমান্ত লাগোয়া হওয়ার ওপার থেকে আসা মাদকের চালান তার বাড়িতে রেখে সুযোগমত অন্য যায়গায় সরিয়ে নেওয়া হত। বিনিময়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আঁখি আক্তার টাকা নিতেন। কিছুদিন থেকে এমন একটি খবর আমাদের কাছে ছিল।রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ তাকে আটক করি।তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকাল আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলবে। যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।
বাবু/এ.এস