প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৮:২৯ পিএম (ভিজিট : ১৭৪)

X
ডেঙ্গু সচেতন একটি প্রজন্ম গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের মাধ্যমে নিজেদের পরিবারে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে স্কুলভিত্তিক সচেতনতা ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ও ময়মনসিংহ জিলা স্কুল মিলনায়তনে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধের উপায় ও ডেঙ্গু হলে করণীয় সম্পর্কে শিশুদের সচেতন করা হলে ডেঙ্গু সচেতন একটি প্রজন্ম গড়ে উঠবে। এ লক্ষ্যেই আমরা স্কুলে স্কুলে সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছি। ছাত্র-ছাত্রীরা সচেতনতার দূত হয়ে ডেঙ্গু সম্পর্কে নিজের পরিবারকে আরও সচেতনতা করবে।
এ সময় মেয়র ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখার জন্য এবং বাসার কোথাও পানি জমে থাকলে দায়িত্ব নিয়ে তা অপসারণের এবং পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহবান জানান।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোর্শেদ, শীতল সরকার, শাম্মী আক্তার মিতু ও হামিদা পারভীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. আসামাউল ইসলাম রুপা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রমের সাথে মশক নিধনে ক্রাশ প্রোগ্রামেরও উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে প্রতিটি হটস্পটকে বিশেষ নজরে রেখে পরিকল্পনা মোতাবেক এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন বর্জ ব্যবস্থাপনা বিভাগ।
বাবু/জেএম