প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৮:৩৫ পিএম (ভিজিট : ১৫১)

X
নাটোরে পাওনা টাকা চাওয়ায় মো. কালাম (৫০) নামে এক কলা চাষীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ জুলাই) সকালে সদর উপজেলার কাফুরিয়া বাজারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পাওনা টাকা চাওয়ায় কালামকে প্রতিপক্ষ কামাল হোসেন প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে বলে এলাকাবাসী জানায়। নিহত কালাম উপজেলার কাফুরিয়া গ্রামের রিফিউজি পাড়া এলাকার জনৈক আব্দুর রাজ্জাক কানুর ছেলে। অভিযুক্ত কামাল হোসেন একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার শুকচানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল হোসেন একই এলাকার দরিদ্র কলা চাষী মো. কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা কিনেন। কলা কেনার পর থেকেই কামাল হোসেন টাকা পরিশোধ করতে নানা টালবাহানা শুরু করেন। বুধবার ১২ জুলাই সকাল ৭টার দিকে কামালের সঙ্গে দেখা হলে কালাম তার পাওনা টাকা চায়। এনিয়ে দু’জনের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে কামাল হোসেন পাশে খড়ির আড়ত থেকে খড়ির একটা মোটা ডাল হাতে নিয়ে কলা চাষী কালামকে মারপিট করে। এতে কালাম আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় উপস্থিত লোকজন কালামকে সাহায্য করতে এগিয়ে গেলে কামাল হোসেন দৌড়ে পালিয়ে যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাবু/জেএম