প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৪:৩৮ পিএম আপডেট: ১৮.০৭.২০২৩ ৫:১৩ পিএম (ভিজিট : ১৮৭)

X
বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন। তার পরিকল্পনা ও বাস্তবায়নে প্রায় ১২শ বর্গফুট আয়তনের একটি পাকা ভবনের ৮ দেয়ালে রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ গ্যালারি এবং বুক কর্নার। এ দৃষ্টিনন্দন উদ্যোগের মধ্যে রয়েছে আটটি কংক্রিটের দেয়াল, একটি বুক কর্নার, তিনটি স্ট্রিং ওয়াল, তিনটি বোর্ডের ওয়াল এবং দুইটি স্মৃতি স্মারক কর্নার।
স্ট্রিং ওয়ালের তিনটি বোর্ডে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিচ্ছবি স্থান পেয়েছে। তিনটি বোর্ডের ওয়ালে প্রধানমন্ত্রীর ছবিসহ সংক্ষিপ্ত জীবনী, রাষ্ট্রীয় স্মারক ও স্থাপনার বিবরণ।
গ্যালারির ১ম দেয়ালে ভাসছে বঙ্গবন্ধু ও বহির্বিশ্বের বেশকিছু ছবি। ২য় দেয়ালে ৭ মার্চের এৗতিহাসিক ভাষণ ও স্বীকৃতি অর্জনের প্রতিচ্ছবি। এছাড়াও ৩য় দেয়ালে প্রতিস্থাপন করা হয়েছে ১৯৪৭-১৯৭০ স্বাধিকার থেকে স্বাধীনতা, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী, শিক্ষা জীবন ও ঘটনাপ্রবাহ। ৪র্থ দেয়ালে শোভা পাচ্ছে রক্তাক্ত একাত্তরের বিরল ও উল্লেখযোগ্য ছবি। ৫ম দেয়ালে ১৯৭২-৭৫ সালের থমকে যাওয়া বিধ্বস্ত উন্নয়নের দৃশ্য। ৬ষ্ঠ দেয়ালে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের অবদান বিষয়ক স্মরণীয় স্থির পিকচার।
৭ম দেয়ালে তুলে ধরা হয়েছে মহান মুক্তি সংগ্রামে চুয়াডাঙ্গা জেলার নানা বিবরণ। সবশেষ ৮ম দেয়ালটিতে বসানো হয়েছে ১৯৮১ সালের ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের উল্লেখযোগ্য ছবি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রীর বিশাল উন্নয়নের চিত্র।
এছাড়া বুক কর্নারে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রকাশিত বাংলা একাডেমিসহ অন্যান্য প্রকাশনার কেবল বঙ্গবন্ধুর উপরে প্রকাশিত গ্রন্থসমূহ শোভা বৃদ্ধি করেছে। স্মারক কর্নারে ৩০৩ রাইফেল, হ্যান্ড গ্রেনেড এবং রাজারবাগ পুলিশ লাইন্সে একাত্তরের ২৫ মার্চে সেই বেতার বার্তা প্রেরণ যন্ত্র স্থান পেয়েছে দৃষ্টিনন্দন এ গ্যালারিতে।
এসব আয়োজনে ফুটে উঠেছে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের অসামান্য নিদর্শন। দর্শনার্থী ও ভ্রমণপিপাসু ও নতুন প্রজন্ম এখানে এসে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সর্বোপরি বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে।
এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, মাটি ও মানুষের প্রতি বঙ্গবন্ধুর যে অকৃত্রিম ভালোবাসা ছিল তা এ সচিত্র গ্যালারিতে ফুটিয়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রজন্মের দায়বদ্ধতার জায়গা থেকে এ কাজটি করেছি।
বাবু/জেএম