প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৬:২৬ পিএম (ভিজিট : ১৪৫)

X
সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার গাবতলী ব্যাস স্ট্যান্ড থেকে বেলা সাড়ে ১১টায় বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর ব্রিজ এলাকায় প্রায় দুই কিলোমিটার যানজট তৈরি হয়েছে। পৃথক পদযাত্রার কারণে সাভার ও ধামরাইয়েও তীব্র যানজট লেগেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় পথসভার মধ্য দিয়ে পদযাত্রা কর্মসূচি শুরু করে বিএনপি। এ সময় তাদের শত শত নেতাকর্মী সড়কের মূল লেন ও ঢাকাগামী সার্ভিস লেনে অবস্থান নেয়। পরে সড়কে অবস্থান নিয়ে তারা নবীনগরের দিকে পদযাত্রা শুরু করে। এতে সড়কের ইসলামপুর থেকে নবীনগর পর্যন্ত এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
যানজটে আটকে থাকা কয়েকজন ভুক্তভোগী জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যানজটে আটকে আছেন তারা। এ ছাড়া আরিচাগামী লেনটিতে পরিবহনগুলো চলছে ধীরগতিতে। যানজটে আটকা পড়ে অনেকেই বাস থেকে নেমে হেঁটে রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশে।
ধামরাই থেকে সাভার যাচ্ছিলেন আকাশ মাহমুদ নামে এক শিক্ষার্থী। তবে এক ঘণ্টায়ও ঢুলিভিটা থেকে ইসলামপুর পার হতে পারেননি তিনি। আকাশ বলেন, প্রাইভেট পড়তে যাচ্ছিলাম। সড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়েছি। প্রাইভেটকারচালক আশরাফুল ইসলাম জানান, ঢাকাগামী লেনে প্রায় ৪০ মিনিট যানজটে আটকে থাকতে হয়। আরিচাগামী পরিবহনগুলোও ধীরে ধীরে এগোচ্ছে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, ধামরাই থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। কর্মসূচি শেষ হলে যানজট নিরসন হবে। আমাদের লোকজন সড়কে যানজট নিরসনে কাজ করছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, গাবতলীতে বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে আমিনবাজার এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
বাবু/জেএম