প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৬:২১ পিএম (ভিজিট : ৩৪০)

X
শেরপুরের নালিতাবাড়িতে ফসলি জমি থেকে গোরখোদক নামে বিরল প্রজাতির একটি বন্যপ্রাণি উদ্ধারের পর তা গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে। বিষয়টি আজ রোববার দুপুরে নিশ্চিত করেন উপজেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।
এর আগে শনিবার পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুরা গ্রামের একটি ধান ক্ষেতে ওই প্রণিটি উদ্ধারের পর বিকেলে গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্ক এলাকার বনে ছেড়ে দেয়া হয়।
জানা গেছে, শনিবার একদল কৃষক উপজেলার ধোপাকুড়া গ্রামের একটি ধান ক্ষেতে কাজ করতে যান। এসময় হঠাৎ করে ক্ষেত থেকে বিরল প্রজাতির গোরখোদক এ প্রাণিটি বের হয়ে আসলে কৃষকরা ধাওয়া করে ধরে ক্ষেতের পাশের একটি বাড়িতে বেঁধে রাখে। খবর পেয়ে স্থানীয় উৎসুক লোকজন প্রাণিটিকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেন। পরে বিষয়টি স্থানীয় পরিবেশবাদী সংগঠনের সদস্য ও বনবিভাগের নজরে আসলে তারা গোরখোদকটি উদ্ধার করেন।
স্থানীয় ইসরাত জাহান বলেন, এর আগে ওই ধরণের প্রাণি আমরা কখনও দেখিনি। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খাদ্যের সন্ধানে হগ বেজার বা গোরখোদকসহ নানা বন্যপ্রাণি লোকালয়ে চলে আসে। গ্রামের মানুষ ওই প্রাণিকে আটক করে আমাদেরকে খবর দেয়। পরে প্রাণিটিকে উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছি।
শেরপুরের বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, এটি একটি নিশাচর স্তন্যপায়ী প্রাণি। সচরাচর এর দেখা পাওয়া যায় না। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) এর লাল তালিকা অনুযায়ী এটি সংকটাপন্ন বিরল প্রজাতির বন্য প্রাণি। বনে ছেড়ে দেয়ার পর দপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণিটির দেখভালের জন্য কঠোর নজরদারী করা হচ্ছে।
বাবু/জেএম