প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৬:৫৫ পিএম (ভিজিট : ১৬৭)

X
গত এক বছরে নাটোর জেলায় এক হাজার ৮৬৫টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে ৯২৬ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ৮৬৫টি মামলা দায়ের করা হয়। এছাড়া অভিযানে তিন লাখ ২৫ হাজার টাকার মাদকসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
রোববার (৩০ জুলাই) দুপুর ১২টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
এর আগে জেলা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অনুষ্ঠানে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. রওনক জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, বিগত অর্থ বছরে জেলায় মাদকবিরোধী অভিযান, মামলা দায়ের এবং মাদকসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এছাড়া জেলার ৫৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে চারটি মাদকবিরোধী আলোচনা সভা, একটি সেমিনার, কারাগারে একটি আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি শ্রেণি বক্তৃতা, ২০ জন প্রশিক্ষক তৈরি করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বাবু/জেএম