প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৫:৩৪ পিএম (ভিজিট : ৫৫৫)

X
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের অধিক জনসংখ্যাকে অনেকেই বোঝা মনে করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝা হিসেবে দেখেন না। মূলত জনসংখ্যার আধিক্য দিয়েই তিনি বাংলাদেশকে একটি কর্মক্ষম ও সক্ষম মধ্যম আয়ের দেশে তুলে এনেছেন।’
আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পরিকল্পিতভাবে নারী-পুরুষের সমতা এনেছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে দেশে নারীর ক্ষমতায়নে নিরব বিপ্লব সৃষ্টি করেছেন। বর্তমানে দেশের সরকারি বা বেসরকারি যেকোনো অফিসে গেলে পুরুষ ও নারীর প্রায় সমান উপস্থিতি লক্ষ্য করা যায়। দেশের পোশাক শিল্পে ৭০ ভাগ নারী যেমন কাজ করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে, তেমনি সরকারি চাকরি করে, শিল্পে, ব্যবসা-বাণিজ্য, এমনকি কৃষিতেও নারীরা এখন সমান তালে এগিয়ে এসেছে। শিক্ষকতা পেশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য বিশেষ কোটা ব্যবস্থা করে নারীর ক্ষমতায়ন জোড়ালো করেছেন। রাজনীতিতেও তিনি নারীদের অবস্থান শক্ত করেছেন। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও স্পীকারসহ ৬৫ জন সদস্য নারী।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন পরিষদেও নারীদের জন্য বিশেষ আসন নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নারীদের ক্ষমতায়নে এত গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি জানেন দেশের এত বড় জনসংখ্যার আধিক্যের মধ্যে অর্ধেকের বেশি নারীদের বাদ রেখে বাংলাদেশ বিশ্বের সাথে সমান তালে এগিয়ে যেতে পারবে না।
বাবু/জেএম