প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৮:৪৮ পিএম (ভিজিট : ১৩২)

X
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে খুনী রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা করা হয়।
তারা সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করে। সারাদেশকে তারা গড়ে তোলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়াশ্রমে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালন হয় এবং মানবতা ভুলুন্ঠিত হয়। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষের কোন অধিকার ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সে সময় বাড়িতে থাকতে পারত না, মা-বোনরা রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারত না। তাদের করা বর্বরোচিত ও পৈশাচিক হামলা থেকে জাতির পিতার কন্যা সেদিন রেহাই পেয়েছিলেন বলেই দেশে আজ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
সোমবার (২১আগষ্ট) সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
তিনি আরও বলেন আগস্ট মাস আমাদের নিকট শোকের মাস। এ মাসে আমাদের মহান জাতির মহান পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শিশু রাসেলসহ সপরিবারে হত্যা করে। হত্যার পর আসামিদের তারা দায়মুক্তি দিয়েছিল। ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে পবিত্র সংসদকে তারা কলুষিত করেছিল। আমরা কামনা করি পৃথিবীর কোথাও যেন এমন জঘন্য ঘটনা না ঘটে।
সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খানের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, আ’লীগ নেতা নজরুল ইসলাম,রবিউল করিম হিরু প্রমুখ।
বাবু/জেএম