প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৬:৪৫ পিএম আপডেট: ২২.০৮.২০২৩ ৭:১৬ পিএম (ভিজিট : ৭৭৪)

X
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের আল ইমরান ইফতি তার বন্ধু একই কলেজের শিক্ষার্থী নাহিদা নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ পেছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে মুহূর্তেই ঘটনাস্থলে প্রাণ হারান এই দুই কলেজ শিক্ষার্থী।
সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে আল ইমরান ইফতি (২৩) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)। নিহত ইমরাম ইফতি সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলাদেশ বুলেটিনকে জানান, আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি বাংলাদেশ বুলেটিনকে জানান, বাইকটি দাঁড়ানো ছিল কিনা সেই বিষয়ে তারা নিশ্চিত নন তবে দুর্ঘটনার পর তারা যখন হতাহতদের উদ্ধারে এগিয়ে যায় তখনো বাইকটি ইঞ্জিন সুইচ অন ছিল৷ ট্রাকটি অতিরিক্ত ভারী মালামাল বোঝাই থাকায় গতি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তারা ধারণা করছে৷ দুর্ঘটনায় মেয়েটির মাথা থেতলে, ছেলেটিও শরীরে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলেই মেয়েটি মারা গিয়েছে উল্লেখ করে তারা বলেন, আমাদের দেখে মনে হয়েছিল মেয়েটি স্পট ডেথ। ছেলেটিকেও মারা গেছে মনে করেছি তবে দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাবু/জেএম