প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৯ পিএম (ভিজিট : ২০৬)

X
নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেল ৪টায় নগরীর গোলকমণি শিশু পার্কে (ধর্মসভা সংলগ্ন) আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা—২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, আওয়ামী লীগ নগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।
স্বাগত বক্তব্য দেন পূজা পরিষদ জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাস। সভা পরিচালনা করেন, নগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু ও জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা। আলোচনা সভা ও উদ্বোধনের পর ধমীর্য় শোভাযাত্রা ও নগর সংকীত্তর্ন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোলখোলাস্থ শ্রীশ্রী শীতলাবাড়ী ঠাকুরাণী মন্দির প্রাঙ্গণে শেষ হয়।
এছাড়া সন্ধ্যা ৭টায় বিশেষ প্রার্থনা, সাড়ে ৭টায় ধমীর্য় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১২:০১ মিনিটে কৃষ্ণপূজা অনুষ্ঠিত হয়। অপরদিকে ধর্মসভা মন্দির, নগরীর বিভিন্ন মন্দির, উপজেলা পর্যায়ে এবং বাড়িতে বাড়িতেও ঘটা করে পূজা অর্চনার মধ্য দিয়ে কৃষ্ণাষ্টমী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হন সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
বাবু/জেএম