
X
চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন পাচুরিয়া হুলাইন এলাকায় অবস্থিত দি নীড এ্যাপারেলস/(প্রা.) লি: এর ওয়্যার হাউজ থেকে শতাধিক রোল কাপড় চুরির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামালের মধ্যে ১০১ রোল কাপড় উদ্ধার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো টিমের চৌকস সদস্যরা।
দেশের অন্যতম রপ্তানী কারক গার্মেন্টস প্রতিষ্ঠান বাকারসন্দ গ্রুপের সেন্ট্রাল ওয়্যারহাউজ থেকে সংঘবদ্ধ চক্রটি গত ১৮, ২৩ ও ২৬ আগস্ট তিন দফায় এসব কাপড় চুরির ঘটনা ঘটে যা প্রতিষ্ঠানের কর্মকর্তারা টের পান গত ২৬ আগস্ট সকালে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে অজ্ঞাতনামা চোর চক্রটি মুখোশ পরিহিত অবস্থায় তিন দফায় রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত সময়ে জানালার গ্রীল ভেঙ্গে সুকৌশলে ওয়্যারহাউজে প্রবেশ করে আমদানিকৃত পণ্যগুলো বের করে পিকআপ করে নিয়ে যায়। চুরি সংঘটিত করার পর মালামাল বোঝাই পিলআপটিকে অপর একটি সাদা রংয়ের প্রাইভেট কার ও একটি সিএনজি টেক্সি পাহারা দিয়ে নিয়ে যেতে দেখা যায়।
পিবিআই, চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, চুরির ঘটনা সংঘটিত হওয়ার সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে দায়িত্বরত সিকিউরিটি গার্ডরা ওয়্যার হাউজের পিছনের দিকে মনোযোগ দিতে পারেনি। একই সাথে সেখানে থাকা সিসিটিভিতে গাড়ীর নম্বরগুলো স্পষ্ট দেখতে যায়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ হতে স্থানীয় থানায় এবং বিজিএমই ও আইন-শৃঙ্খলা বাহিনীদের অবহিত করেন। চুরির ঘটনাটি পিবিআই চট্টগ্রাম মেট্রো টিম অবহিত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ঘটনাস্থল থেকে চট্টগ্রাম শহরগামী রাস্তা, টোল প্লাজাসহ অন্যান্য স্থাপনার সমূহের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিরলস অভিযানের এক পর্যায়ে চুরি যাওয়া ১৪৮ রোল কাপড়ের মধ্যে ১০১ রোল কাপড় নগরীর কোতোয়ালি থানাধীন টেরীবাজারস্থ কাটপাহাড় লেইন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
মালামাল উদ্ধারের পর গত ১ সেপ্টেম্বর দি নীড এ্যাপারেলস কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় লিখিত এজাহার দায়ের করে (মামলা নং-০৮ ধারা-৪৬১/ ৩৮০/ ৪১১)৷ মামলাটির গুরুত্ব এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ হেডকোয়ার্টার্স মামলাটির তদন্তভার পিবিআই চট্টগ্রাম মেট্রো'র প্রদান করে। মামলাটির দ্বায়িত্ব নেয়ার পর পিবিআই প্রধান, আ্যাডিশনাল আইজিপি, বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে এবং পিবিআই, চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার নাইমা সুলতানার দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোঃ এ কে এম মহিউদ্দিনের নেতৃত্বে পিবিআই চট্টগ্রাম মেট্রো টিম নগরীর বিভিন্নস্থানসহ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, মীরেরশ্বরাই ও ফেনী জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারীসহ জড়িত আসামিদের গ্রেফতার করে। তদন্তকালে আটক আসামিদের তথ্য মতে ঘটনায় ব্যবহৃত চট্টমেট্রো চ-১১-৫৩৩৬ নম্বরের প্রাইভেট কারটি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন শীতলপুর এলাকা হতে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবুল বশর প্রধান (৪৫), মোহাম্মদ ফারুক (৪০), মোহাম্মদ হৃদয় (২০), মোহাম্মদ মুজিবুল হক (৪৫), মো. পারভেজ (২৬), মো. ইউসুফ প্রকাশ কালু (৫২), মো. আলমগীর (৩৮), মো. সামছুল আলম (৫৩), মো. মাসুদ আলম প্রকাশ পিচ্চি মাসুদ (৪৭) ও মো. আরিফুর রহমান চৌধুরী (৪০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মো. ইলিয়াস খান জানান, উদ্ধার হওয়া ১০১ রোল কাপড় (১১৯৫৯ গজ) কাপড়ের বাজার মূল্য অনুমান ০১ কোটি টাকা।