প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৯ পিএম (ভিজিট : ১৬০)

X
নভেম্বরের শুরুর দিকে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, সব দলের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্তের ওপর, এটা শুধু নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব বলেন।
এ সময় আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় ধরে সব দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। এখনো আহ্বান জানাচ্ছি তারা যেন নির্বাচনে অংশ নেয়। নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হওয়া নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। এ ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করতে প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে সব প্রস্তুতি করে সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, আজকে কিশোরগঞ্জ সফরে এসেছি। কিশোরগঞ্জে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করব। ভোটকেন্দ্রের তালিকা তৈরি করে পাঠানোর জন্য বলা হয়েছিল। সেগুলা আমরা পেয়েছি। এগুলোর মধ্যে কোনো অভিযোগ থাকলে নিষ্পত্তির জন্য সময় দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করার একটা সময় দিয়েছিলাম। সেই সময়ের মধ্যে স্থানান্তরিত হয় সেগুলোও আমরা শেষ করব। এরপর আর ভোটার তালিকা সংশোধন-সংযোজন করার সুযোগ থাকবে না।
ইসি বলেন, নভেম্বরের শুরুর দিকে হয়তো তফসিল ঘোষণা হতে পারে। আমরা আগেও বলে আসছি, নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা করব। রাজনৈতিক বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিষয়গুলো সমাধান করবে। সংবিধানের মধ্য থেকে আমরা সবকিছু করছি।
সোমবার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করা কথা আছে ইসির। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিকলী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা আছে তার। দুপুরে নিকলী থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে কথা রয়েছে।
বাবু/এ.এস