
X
প্রতি বছরের ন্যায় এবারও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরু হাটের পশ্চিম পাশে যমুনা নদীতে দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার ও মঙ্গলবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে জিগাতলা, কুকাদাইর ও খানুরবাড়ি এলাকায়। দূর-দূরান্ত থেকে শুরু করে আশপাশের এলাকা থেকে সব বয়সী হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন। বিভিন্ন জেলা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে রং-বে রং-বে রংয়ের পোশাকে সেজে এতে অংশ নেন প্রতিযোগীরা।
বাদ্যযন্ত্রের তালে তালে এবং বৈঠার ছপ ছপ শব্দ মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইচ এলাকাতে। ছোট-বড় হাজার হাজার নৌকা ভাড়া করে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন দর্শনার্থীরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত।
প্রথম দিনের নৌকা বাইচে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, ভূঞাপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- নৌকা বাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খোকা, অ্যাডভোকেট শাহাদাত হোসেন বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন বাবু প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম দিনে মোট ১৫টি নৌকা অংশগ্রহণ করেন। এগুলো হলো- আল্লাহ ভরসা, যমুনার তরী, সাগর তরী, মানিক তরী, সোনার মদিনা, সোনার তরী, সোনার বাংলা-৭১, মায়ের দোয়া, হুগড়া নিউ একতা, পঙ্খীরাজ, মায়ের দোয়ায় স্মার্ট বাংলাদেশ, মায়ের দোয়া, সততা এক্সপ্রেস, দক্ষিণ জামুরিয়া ও মমিনপুর একতা।
বাবু/জেএম