
X
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও কৃষিখাদ্য নিরাপত্তার জন্য গম ও ভুট্টা খুবই গুরুত্বপূর্ণ। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, সরকার এখন সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিতের লক্ষ্যে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমরা গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত করার চেষ্টা করছি।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনাজপুর সদর উপজেলার নশিপুর বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে একটি কেন্দ্রীয় গবেষণা কমপ্লেক্সের উদ্বোধন ও গ্রিনহাউজে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনসহ চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখানকার বিজ্ঞানীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীতে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র হবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। আর বাংলাদেশের অর্থনীতিতে এই গবেষণা প্রতিষ্ঠান একটি বিরাট ভূমিকা রাখবে।
এ সময় মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের এই উন্নয়নগুলো দেখতে পান না। সরাদিন বক্তৃতা করে বেড়ান দেশ ধ্বংস হয়ে গেলো, দেশ থাকবে না। দেশ না থাকলে আপনাদেরতো মন খারাপ হওয়ার কথা নয়, কারণ আপনারতো দেশটাকে পাকিস্তান বানাতে চান। তারা ক্ষমতায় গিয়ে দেশকে ধ্বংস করে ফেলেছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে দেশকে এগিয়ে নিয়েছে। অর্থনৈতিক সব সেক্টরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন বিশ্ব নেতাদের রেফারেন্স হয়ে উঠেছে।
তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করতে চাই। কৃষি হবে উন্নত জীবনের জন্য। একজন কৃষক যাতে কৃষিকাজ করে তার সন্তানসহ পরিবারকে উন্নত জীবনযাপন করাতে পারে সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই দিনাজপুরের সম্ভাবনাকে শতভাগ ব্যবহারের জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে। কৃষি নিয়ে এখন কী প্রযুক্তি রয়েছে এবং আগামীতে কী ধরনের প্রযুক্তি লাগবে তা নিয়েও সরকার কাজ করছে।
এরপর মন্ত্রী বিডাব্লিউএমআরআইয়ের সেমিনার রুমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, সেতাবগঞ্জ সুগার মিলের ২০০ একর জমি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রয়োজনে আগামীতে আরও ১ হাজার একর জমি প্রদান করা হবে।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রমুখ।
এরপর কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দুপুর ২টায় দিনাজপুর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে বিনা উদ্ভাবিত তেলজাতীয় ও অন্যান্য ফসলের জাতের সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।
বাবু/জেএম