প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১২:০৪ পিএম (ভিজিট : ২৯৯)

X
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় যাত্রীবাহী লেগুনা পিকআপ ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই নারী ও চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই লেগুনার যাত্রী ছিলেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকাল ৮টার দিকে ঢাকা-আরিচ মহাসড়কের মানিকগঞ্জের তরা বাসস্ট্যান্ড থেকে লেগুনা পরিবহনের একটি যাত্রীবাহী পিকআপ মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার ভাটবাউর এলাকায় লেগুনা যাত্রী নামানোর সময় হঠাৎ পিছন থেকে একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এসময় যাত্রীবাহী লেগুনা যাত্রীসহ পাশের পানির খাদে পড়ে যায়। তাৎক্ষণিক লেগুনাটি পানিতে ডুবে যায়।
প্রায় ঘণ্টাখানেক পর রেকার দিয়ে লেগুনাটি উদ্ধার করা হলে ঘটনাস্থল থেকে দুইজন নারী, চালক সহ চার জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের বাড়ি মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বাবু/এ.এস