বিএনপি, জামায়াত ও নামধারী কিছু ইসলামি দল ইহুদিদের দালাল উল্লেখ করে লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, দালালি করার কারণে তারা ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে নিশ্চুপ। অথচ তারা ধর্মপ্রাণ মুসলমানের আবেগ-অনুভূতিকে কাজে লাগিয়ে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে রেখেছে।
আজ শনিবার (২১ অক্টোবর) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে লিবারেল ইসলামিক জোটের উদ্যোগে এ সমাবেশ করা হয়।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘তারা মানুষকে কুরআনের কথা বলে ধোঁকা দিয়ে যাচ্ছে। আজ জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে, ক্ষমতার লোভে তারা ইহুদিদের দালালি করছে। জনগণকে তাদের বয়কট করতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত রাখতে হলে যথা সময়ে নির্বাচনের বিকল্প নেই। তবে সে নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। অসাংবিধানিক পুতুল বা আজ্ঞাবহ সরকার দেশবাসী দেখতে চায় না।’
সমাবেশে লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘বিএনপি জামায়াতের ধোঁকাবাজি মানুষ বুঝে গেছে। এ দেশের মানুষ মুসলমানদের বিরুদ্ধে অবস্থানকারী জঙ্গি, আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। সরকারে যেমন উন্নয়নের সফলতা রয়েছে অন্যদিকে বাজার সিন্ডিকেটকারীদের দমনে ব্যর্থতা রয়েছে।’
বক্তব্য রাখছেন কেএসপি পার্টির চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরী রিপা
কৃষক শ্রমিক পার্টির (কেএসপি পার্টি) চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরী রিপা মহান নেতা শের-ই-বাংলার রাজনীতির উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, সামনে দ্বাদশ নির্বাচন, এ নির্বাচন ঘিরে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দুই বড় দল এখনো মুখোমুখি অবস্থানে। আমার দল এবং জোট মনে করে- সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দিতে হবে, আমরা কোনো সহিংসতা দেখতে চাই না। আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি, দেশের উন্নয়ন কোনোভাবেই বাধাগ্রস্ত হোক আমরা তা চাই না। তিনি শের-ই-বাংলার মহান উক্তির উদ্ধৃতি দিয়ে বলেন, জাতির স্বার্থই হবে ব্যক্তির স্বার্থ, জাতির কল্যাণই হবে ব্যক্তির কল্যাণ।
সমাবেশে আরও ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রাব্বানী, আশেক্বীনে আউলিয়া ঐক্য পারিষদের মহাসচিব মাওলানা হানিফ নূরী, বিএসপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন প্রমুখ।