
X
আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকায় আপনারা শান্তিতে ব্যবসা করছেন, চাকরি করছেন,দেশের মানুষ বিভিন্ন কাজ করে ভালো আছেন।
শনিবার (২১ অক্টোবর) বিকালে দৌলতপুর উপজেলার শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার প্রদান ও দৌলতপুর কেন্দ্রীয় মন্দিরের সকল ভক্তদের আলোচনা অনুষ্ঠানে এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি বিভিন্ন রকমের অবরোধ সৃষ্টির পাঁয়তারা করছে। জ্বালাও পোড়াও করার চেষ্টা করছে। এটা আমরা আগেও দেখেছি।
তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে বেশি হামলা হয়েছে সেটা আপনার দেখেছেন। তারা শুধু ক্ষমতায় যেতে চায়, দেশের উন্নয়ন তারা চায় না। কিন্তু আপনারা দেখতে পারছেন আওয়ামী লীগের সময় দেশে কত উন্নয়ন হয়েছে।
সংখ্যালঘুদের উদ্দেশে এমপি বলেন, আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি, আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয়। এই পরিচয় নিয়েই আমাদের কাজ করতে হবে। ধর্মের মাধ্যমে আমাদের বিভেদ সৃষ্টি করা যাবে না। ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ সবার ওপরে রাখতে হবে। বিশৃঙ্খলার মাধ্যমে একটি দেশ এগিয়ে যেতে পারে না। কাজেই মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের এই বাংলাদেশ। সকলে মিলে এক সঙ্গে দেশের জন্য যুদ্ধ করেছেন রক্ত দিয়েছেন। কাজেই মিলেমিশে এই দেশকে গড়ে তুলতে হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস,ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আবুল, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ কুমার ফৌজদার, যুবলীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির শাওন, ছাত্রলীগের সাবেক সভাপতি ইন্জিনিয়ার নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।