প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৫:৪০ পিএম (ভিজিট : ১৫৭)

X
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সলিমপুর থেকে বাড়বকুণ্ড পর্যন্ত অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার ইলিশ জাল ও ৫ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল-বিকেল মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসীর নেতৃত্বে সলিমপুর থেকে সন্ধিপ চ্যানেলের বাড়বকুণ্ড উপকূল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে আড়াই লাখ মিটার ইলিশ জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ এতিমদের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, মেরিন ফিসারিজ কর্মকর্তা জান্নাতুল নাইম, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার ইসমাইল, নৌ পুলিশের এসআই সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত ইলিশের প্রজনন এলাকার সাগরে ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। সাগরে এ ২২ দিন মা ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে।
এ সময় নদীতে ইলিশ জেলেদের মাছ শিকার ঠেকাতে উপজেলা প্রশাসন, পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইলিশ মাছ ধরা এড়াতে প্রান্তিক জেলেদের ভিজিএফ-এর আওতায় ৪১১৫ জেলে পরিবারের মধ্যে ২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে।