চট্টগ্রামে বিএনপি শূন্য ঢিলেঢালা হরতাল

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের তেমন কোন প্রভাব পড়েনি চট্টগ্রাম নগরীতে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সড়কে সব ধরনের

2023-10-29T17:34:22+00:00
2023-10-29T17:34:22+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বিএনপি শূন্য ঢিলেঢালা হরতাল
নগর জুড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২৮৭)
X

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের তেমন কোন প্রভাব পড়েনি চট্টগ্রাম নগরীতে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সড়কে সব ধরনের গণপরিবহন চলাচল ছিল অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম। সেই সাথে যাত্রীর চাপও সকালের দিকে কিছুটা কম দেখা গেছে৷ তবে বেলা বাড়ার সাথে সাথে সার্বিক যান ও জন চলাচল বাড়তে থাকে৷ সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় সকাল থেকে কর্মজীবী মানুষ ছুটেছেন নিজ নিজ গন্তব্যে।

রোববার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল (৪টা) পর্যন্ত চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি, আন্দরকিল্লা, নিউ মার্কেট, স্টেশন রোড়, টাইগার পাস, দেওয়ান হাট, আগ্রাবাদ, বন্দর এলাকা, জিইসি, মুরাদপুর, বহদ্দার হাট, কাপ্তাই রাস্তার মাথা হয়ে কালুরঘাট ব্রিজ পর্যন্ত এলাকা ঘুরে এমন চিত্র দেখা মিলেছে। তবে দীর্ঘদিন পর বিএনপি'র ডাকা হরতালে চট্টগ্রাম নগরীর কোথাও বিএনপি'র নেতাকর্মীদের দেখা যায়নি। সকাল থেকে কাজীর দেউরীস্থ চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় ছিল একেবারেই জনমানব শূন্য। তবে সকাল সাড়ে দশটায় চট্টগ্রামের আদালত পাড়া এলাকায় আইনজীবী ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হরতালের সমর্থনে মিছিল করেছে।  

এদিকে সকালে নগর বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের এনায়েত বাজারের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে নগর বিএনপি'র পক্ষ থেকে দাবি করা হলেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমন কোন অভিযান চালানো হয়নি বলে জানানো হয়। 

চট্টগ্রাম থেকে দূরপাল্লার যান চলাচল ব্যাহত হলেও চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা রুটের বাস চলাচল করছে। এসব বাসে চট্টগ্রাম মুখি যাত্রীর সংখ্যাই বেশি ছিল। বাঁশখালী থেকে আসা যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এনায়েতুর রহমান বলেন, "সকালে অফিসে জয়েন করতে সকাল সকালই রওনা হয়েছি৷ সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম৷ তবে কোথাও কোন বাঁধার সম্মুখীন হতে হয়নি৷" বাস চালক ইলিয়াস হোসেন বলেন, যাত্রীর সংখ্যা একটু কম৷ তবে রাস্তায় কোথাও কোন সমস্যা হয়নি।"

এদিকে সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাদের ব্যাপক অবস্থান লক্ষ্য করা গেছে। নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন বাংলাদেশ বুলেটিনকে বলেন, মানুষের পাশে যুবলীগ অতীতেও ছিল আজকেও আছে৷ আমরা কোন অপশক্তিকে জনগণের সম্পদের ক্ষতি করতে দেবো না৷ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে আওয়ামী যুবলীগ শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখবে৷" নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বাংলাদেশ বুলেটিনকে বলেন, "আমরা শান্তি সমাবেশের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে যে কোন অপতৎপরতা রুখতে রাজপথে অবস্থান নিয়েছি।" নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগির বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমরা নগরীতে কথিত হরতালের বিরুদ্ধে মিছিল সমাবেশ করছি। নগরবাসী এসব হরতালকে প্রত্যাখ্যান করেছে৷" পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ৷ 

কাজীর দেউরী এলাকায় প্রতিবেদকের কথা হয় রিকশা চালক শুক্কুর মিয়ার, তিনি বলেন, "কি আর কমু, হরতাল ডাকছে বিম্পি (বিএনপি) আর সকাল থেইকা সারা চিটাং শহরে দেখি আমামিলিক (আওয়ামী লীগ) মিছিল করতাছে। যেরা হরতাল ডাকছে হেরা নাক ডাইকা ঘুমাইতাছে।" নিউ মার্কেট মোড়ে বাস চালক আহমদ হোসেন বলেন, পেটের কোন হরতাল নাই। গাড়ি চালালেই পেট চলবে, তাই গাড়িও চলবে। মনে আতঙ্ক আছে কিন্তু কিছুই করার নাই।"

নগরীর আইন শংখলা পরিস্থিতি বজায় রাখতে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শনিবার রাজধানীতে পুলিশ সদস্যরা হামলার শিকার হওয়ায় আজ চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy