প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৮:১৯ পিএম (ভিজিট : ৬৭৯)

X
উদ্বোধনের পরদিন রবিবার থেকে বাণিজ্যিকভাবে যানবাহন চলাচলে খুলে দেয়া হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে টানেল দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।
এদিকে টানেলের সার্বিক নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষায় ব্যবহারকারীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। সকালে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিবিএ জানিয়েছে, টানেল ব্যবহারে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার ধরা হলেও বর্তমানে ৬০ কিলোমিটারের বেশি গতিতে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। ভূমি থেকে ৪ দশমিক ৯ মিটারের বেশি মালামালসহ যানবাহন নিয়ে টানেলে প্রবেশ করতে পারবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া যানবাহন, বাড়তি ওজন ও স্বাভাবিক এক্সেল লোডের অতিরিক্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
টানেল ব্যবহারের অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে, আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক-জ্বালানি পরিবহনে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে না, পণ্যবাহী গাড়িকে স্ক্যানার দিয়ে পরীক্ষা শেষে পারাপারের অনুমতি দেয়া, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিক্সা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা প্রভৃতি) মোটরসাইকেল, সাইকেল বা অযান্ত্রিক যানবাহন প্রবেশ না করা, পায়ে হেঁটে টানেলে প্রবেশ ও পারাপার হওয়া যাবে না।
এছাড়াও টানেলের ভেতরে যেকোনো ধরণের যানবাহন থামানো, ছবি তোলা ও ময়লা ফেলা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। কেবল জরুরি আপদকালীন সময়ে (অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্ঘটনা, মানবসৃষ্ট দুর্ঘটনা) নির্দেশনা মোতাবেক টানেল ব্যবহারকারীগণ টানেলের অভ্যন্তরে জরুরি নিরাপদ বহিঃনির্গমন পথ ব্যবহার করতে পারবেন। জরুরি প্রয়োজনে টানেলের অভ্যন্তরে পিএ সিস্টেম এর মাধ্যমে টানেল ব্যবহারকারী যানবাহন/যাত্রীদের নির্দেশনা দেয়া হবে। টানেল ব্যবহারকারী যানবাহন/যাত্রীদের উক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। টানেলের অভ্যন্তরে স্থাপিত জরুরি যোগাযোগের টেলিফোনের মাধ্যমে জরুরি প্রয়োজনে টানেল ব্যবহারকারীরা টানেলের মনিটরিং ও কন্ট্রোল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।
টানেলের অভ্যন্তরে নির্দিষ্ট লেন মেনে গাড়ি চালাতে হবে এবং টানেলের ভেতরে গাড়ি ওভারটেক করা যাবে না। টানেলের ভেতরে গাড়ি চালানোর সময় সবসময় হেড লাইট জ্বালিয়ে রাখতে হবে। টানেলের অভ্যন্তরে ৮৭ থেকে ১০৮ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির এফএম রেডিও’র নির্দিষ্ট ৮টি ফ্রিকোয়েন্সিতে টানেল সম্পর্কিত তথ্য, সাধারণ ও জরুরি নির্দেশনা নিয়মিত সার্বক্ষণিক প্রচার করা হবে। টানেল ব্যবহারের সময় গাড়িতে উক্ত ৮টি এফএম রেডিও’র যেকোনো ১টি এফএম রেডিও চালু রাখতে বিশেষভাবে অনুরোধ করা হলো। সরকার নির্ধারিত হারে বিভিন্ন শ্রেণীর যানবাহনের জন্য টোল প্রদান করে টানেল ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের সকল নির্দেশনা আবশ্যিকভাবে মেনে চলতে হবে বলে নির্দেশনা দিয়েছে সেতু কর্তৃপক্ষ। ‘সড়ক ও টানেলের নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে নির্ধারিত গতি ও ওজন সীমা মেনে চলি’ এই শ্লোগানকে সামনে রেখে টানেল ব্যবহারে যাত্রীদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।