প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১:৫৮ পিএম (ভিজিট : ২১৯)

X
পটুয়াখালী-১ আসনের (সদর-মির্জাগঞ্জ-দুমকি) উপনির্বাচনে আ.লীগের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. আফজাল হোসেন মনোনয়ন পাওয়ায় দশমিনায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকবাল মাহমুদ লিটনের নেতৃত্বে আ'লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ আনন্দ মিছিল বের করে। মিছিলটি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ওই এলাকায় এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুট্টো, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, প্রচার সম্পাদক আনোয়ার মৃধা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনকে আ'লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।
ইকবাল মাহমুদ লিটন বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার উপজেলার সকলকে আহ্বান জানাবো আপনাদের পটুয়াখালীতে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব আছেন। তারা এখন থেকেই সকলে নৌকা মার্কার পক্ষে কাজ করে আমাদের নৌকা মার্কার প্রার্থী আফজাল ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দিন।
সম্প্রতি আসনটির সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।