প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৫:১৭ পিএম (ভিজিট : ৪৬২)

X
নেত্রকোনার কেন্দুয়ায় বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের ফরিদ মিয়ার ১৫শত হাঁস বিষ প্রয়োগে নিধন করার অভিযোগ উঠেছে। এতে খামারীর প্রায় ৪লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
এনিয়ে ভুক্তভোগী ফরিদ মিয়া প্রতিপক্ষের ৯ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে ফরিদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার খামারে থাকা আড়াই মাস বয়সী ২৫ শত হাঁস গ্রামের সামনে নোয়াটিয়া বিলে পতিত জমিতে প্রতিদিন খাবার খাওয়াতে ছেড়ে দিয়ে আসি।
কিন্তু পরিতাপের বিষয় যে, গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে হাঁস গুলো প্রতিদিনের ন্যায় বিলে খাবার খাওয়ার জন্য ছেড়ে আসলে বিকালে হাঁসগুলো বাড়িতে আনতে গিয়ে দেখতে পাই অন্তত ১৫ শত হাঁস বিলের জমিতে মরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
বাতাসেও বিষের গন্ধ ভেসে আসার বিষয়টি তিনিসহ অন্য লোকজন টের পায় বলেও জানান।
ফরিদ মিয়া আরো জানান ,নোয়াটিয়া বিলের লিজ গ্রহণকারী সদস্য স্থানীয় সরাপাড়া গ্রামের বাসিন্দা রেহান মিয়া গংরা বিলের পতিত জমিতে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মূল্যের ১৫ শত হাঁস নিধন করেছে। এ নিয়ে তিনি কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে নোয়াটিয়া বিলের লিজ গ্রহণকারীদের সদস্য সরাপাড়া গ্রামের বাসিন্দা রেহান মিয়া জানান, তারা বিলের জমিতে কোন প্রকার বিষ প্রয়োগ করে নাই। ফরিদ মিয়া তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
উল্লেখ তাদের লিজকৃত বিলে গত বুধবার রাতে বিষ দিয়ে কে বা কারা মাছ নিধন করা হয়েছে। এ নিয়ে তারাও একটি লিখিত অভিযোগ করেছে কেন্দুয়া থানায়।
এ ব্যাপারে শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ঘটনা দু'টি বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।