প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১১:৫৩ এএম (ভিজিট : ১১৮)

X
চট্টগ্রামের নবনির্মিত বঙ্গবন্ধু টানেলের ভেতরে দুর্ঘটনা ঘটেছে৷ একটি বাস পেছন থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে কারের দুইজন বয়স্ক যাত্রী সামান্য আহত হলেও প্রাইভেট কারটির পেছনের ও সামনের অংশের ক্ষতি হয়েছে৷ এই দুর্ঘটনার কারণে টানেলের ভেতর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২ নভেম্বর) রাত ৯টার এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে একটি বাস সামনে থাকা প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেট কারটি টানেলের দেয়ালের গিয়ে পড়ে। এ সময় প্রাইভেটকারের চার যাত্রীর মধ্যে দুই বয়ষ্ক নারী ও পুরুষ যাত্রী সামান্য আহত হয়েছে। তবে টানেল কর্তৃপক্ষ কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে
উদ্বোধনের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ টানেলে গাড়ির চাপ অনেক বেশী ছিল। গত কয়েকদিন এই টানেলে একাধিক দুর্ঘটনা ও দ্রুতগতির কার রেসিং এর ঘটনার কারণে আগে থেকেই যানজট ও দুর্ঘটনা এড়াতে টানেলের ভেতরে নৌ বাহিনীর টহল জোরদার করা হয়।
টানেলের টোল ম্যানেজার বেলায়েত হোসেন জানান, রাতে বাসের ধাক্কায় একটি কার ক্ষতিগ্রস্ত হয়েছে। কারের কয়েকজন যাত্রী আহত হন। আমরা সিসিটিভির পর্যালোচনা করে ব্যবস্থা নেব। ইতোমধ্যে দুর্ঘটনায় কবলিত বাস ও প্রাইভেটকার ক্রেনের সাহায্যে টানেল থেকে নিরাপদে সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়৷
তবে বঙ্গবন্ধু টানেল ব্যবহারকারী একাধিক গাড়ির যাত্রীরা অভিযোগ করে বলেছেন, টানেলের টোল প্লাজায় টোল নিতে বিলম্ব হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাড়ে তিন মিনিটের টানেল পাড় হতে অনেকেরই ৩০ থেকে ৪৫ মিনিট বাড়তি সময় লেগেছে। এই টোল আদায়ে ধীর গতির কারণে টানেলের উভয় প্রান্তে প্রায় আধা কিলোমিটার জুড়ে এ যানজট ছড়িয়ে পড়ে।