প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ২:২৮ পিএম (ভিজিট : ১৬৯)

X
বিএনপির ডাকা সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে চট্টগ্রামে চলছে সকাল-সন্ধ্যা হরতাল।
আজ রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে অবরোধের সাথে হরতাল চলছে বেশ ঢিলেঢালা ভাবে। বিএনপির এই অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রামের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। যথারীতি অফিস আদালত. ব্যাংক-বীমা, স্কুল-কলেজ, পোষাক কারখানাসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে। গণপরিবহনে যাত্রীদের চাপ দেখা গেছে৷
নগরীতে সব ধরনের গণপরিবহনের পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও এই দেশব্যাপী অবরোধের কারণে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।
তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কাজ (পণ্য উঠানামা) স্বাভাবিকভাবে চলছে বলে। তবে ভোরে বন্দর সংলগ্ন পতেঙ্গা থানার কাটগড়ের গুমপাড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে৷ যদিও সর্বত্র আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সতর্ক উপস্থিতি দেখা গেছে৷ সিএমপি সূত্র জানিয়েছে, জানমাল রক্ষা পুলিশ জিরো টলারেন্স দেখাবে৷
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি চট্টগ্রামে সকাল-সন্ধ্যার এ হরতালের ডাক দিয়েছে। এতে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি'র চট্টগ্রাম মহানগর সহ উত্তর ও দক্ষিণ জেলার কার্যালয়ে কোন নেতা কর্মীকে দেখা না গেলেও হরতাল ও অবরোধের সমর্থনে নগরী ও জেলার বিভিন্ন স্থানে অলিগলিতে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
এদিকে সকাল থেকে চট্টগ্রাম নগরীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের হরতাল বিরোধী অবস্থান নিতে দেখা গেছে৷ এছাড়া নগরীর বিভিন্ন সড়কে মিছিল ও বাইক র্যালি করছে সংগঠন গুলোর নেতাকর্মীরা।