প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ২:৩৪ পিএম আপডেট: ০৫.১১.২০২৩ ২:৪৫ পিএম (ভিজিট : ২৬০)

X
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
রবিবার (৫ নভেম্বর ) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার প্রত্যাশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
সকাল থেকে প্রত্যক কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার লাইন একেবারে ফাঁকা। কয়েক মিনিটি পর পর দু-একজন ভোট দিতে আসছেন। ফলে অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা। বেলা বারোটা দিকে পূর্ব কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রর দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ হান্নান বলেন, আমার কেন্দ্রে আটটি বুথ রয়েছে। তবে ভোটার উপস্থিতি খুবই কম। এই কেন্দ্রে তিন হাজার ৯৩২ ভোটার রয়েছে। আটটি বুথে ভোট পড়েছে ৩০০টির মতো।
সরেজমিন বেলা বারোটায় দেখা যায়, নিজ কেন্দ্রের নৌকাকে বিজয় করার জন্য পূর্ব কুট্টাপাড়া বিদ্যালয়ের কেন্দ্রের পিছনে দাঁড়িয়ে ও চেয়ার পেতে বসে রয়েছে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যেক কেন্দ্রের চেয়ে কেন্দ্রের বাহিরে লোকসমাগম বেশি।
এদিকে নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় আট শত পুলিশ, সাত প্লাটুন বিজিবি, র্যাব, আনসার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে মোট ৪ লাখ ১০ হাজার ৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ জন প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।